রবিবার, ৯ আগস্ট ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কয়েক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। কর্মসূচির মধ্যে রয়েছে বিভাগীয় শহরগুলোতে সমাবেশ এবং ঢাকায় মহাসমাবেশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

এর আগে বেলা ১১টায় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে চলমান আন্দোলনের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ জানান, আগামী ১৬ মে রাজশাহীতে সমাবেশের মাধ্যমে বিভাগীয় কর্মসূচি শুরু হবে। এরপর ধারাবাহিকভাবে ১৩ জুন চট্টগ্রাম, ২০ জুন খুলনা, ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল এবং ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে সিটি করপোরেশন, বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলাগুলোকে সম্পৃক্ত করা হবে।

তিনি বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মে মাসে একটি মাত্র সমাবেশ রাখা হয়েছে। ঈদের পর জুন থেকে আবার পূর্ণমাত্রায় আন্দোলন ও সমাবেশ শুরু হবে।

জোটের পক্ষ থেকে আরও জানানো হয়, বিভাগীয় সমাবেশের পাশাপাশি জেলা পর্যায়ে লিয়াজোঁ কমিটি গঠন করা হবে। একই সঙ্গে রাজধানী ঢাকাসহ সারা দেশে পেশাজীবী ও নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচিও নেওয়া হয়েছে।

সবশেষে, আগামী অক্টোবর মাসে রাজধানীতে একটি মহাসমাবেশ আয়োজনের পরিকল্পনার কথাও জানান সমন্বয়ক।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন