ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত এই প্রার্থীর জয় ১৬২টি কেন্দ্রের সব কটির ফলাফল ঘোষণার পর নিশ্চিত হয়।
ঘোষিত ফল অনুযায়ী, শাপলা কলি প্রতীকে নাহিদ ইসলাম পেয়েছেন ৯৮ হাজার ২০২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৯২ হাজার ২১২ ভোট। ফলে ৫ হাজার ৯৯০ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি।
পোস্টাল ভোটেও শাপলা কলি প্রতীক এগিয়ে ছিল। নাহিদ ইসলাম পোস্টাল ভোটে পেয়েছেন ১ হাজার ৮৩৪ ভোট, যেখানে ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৮৬৬ ভোট।
বৃহস্পতিবার রাতে এনসিপির নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলামের বিজয়ের দাবি করেন। এর আগে রাত সাড়ে ১০টার পর নাহিদ ইসলাম নিজেও তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে অভিযোগ করে বলেন, কয়েকটি কেন্দ্রের ফলাফল আটকে রেখে পরিবর্তনের চেষ্টা চলছে। তাঁর ভাষ্য ছিল, “নিশ্চিত জয় টের পেয়ে কয়েকটি কেন্দ্রের ফল আটকে রেখে পরিবর্তনের চেষ্টা চলছে।”

