বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতার মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় মো. আল-আমিন সৈকত (৪০) নামে এক সাবেক পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে ভৈরব শহরের টিনপট্টি এলাকায় গোপাল জিউর মন্দিরের সামনে হামলার ঘটনা ঘটে।

নিহতের শ্যালক মোহাম্মদ বাকিবিল্লাহ জানান, রাতে আল-আমিন ওই এলাকায় অবস্থান করছিলেন। এ সময় চার থেকে পাঁচজন অজ্ঞাত ব্যক্তি হঠাৎ তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় আল-আমিনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

রাত আনুমানিক ৩টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, আল-আমিনের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়। তিনি মৃত জসীমউদ্দীনের ছেলে। আল-আমিন ভৈরব পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন। পাশাপাশি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে আল-আমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

হামলার কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারীদের পরিচয় সম্পর্কেও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ঘটনার বিস্তারিত জানতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন