শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

যবিপ্রবি থেকে নির্মাণসামগ্রী নেওয়ার চেষ্টা, ট্রাকসহ চালক আটক

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) থেকে অনুমতিপত্র ছাড়া প্রায় তিন লাখ টাকা মূল্যের নির্মাণসামগ্রী বাইরে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে একটি ট্রাকসহ চালককে আটক করেছেন দায়িত্বে থাকা আনসার সদস্যরা।

শুক্রবার (২১ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে এ ঘটনা ঘটে। আটক ট্রাকচালকের নাম অহিদুল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে পিসি এইচ এম হেলাল উজ্জামানের নেতৃত্বে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয় এলাকা থেকে একটি ট্রাক বের হওয়ার সময় সন্দেহ হলে সেটি থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশিতে ট্রাকটিতে ইট, রড, সিমেন্ট ও বালুসহ বিভিন্ন ধরনের নির্মাণসামগ্রী পাওয়া যায়। এসব মালামাল বিশ্ববিদ্যালয়ের বাইরে নেওয়ার অনুমতিপত্র বা প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে চালক তা দেখাতে পারেননি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে ওই নির্মাণসামগ্রী বাইরে নেওয়ার জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি বলে জানানো হয়। এরপর কর্তৃপক্ষের নির্দেশে ট্রাকটি আটকে রাখা হয়।

অভিযানের সময় এপিসি আসাদুজ্জামানের পাশাপাশি আনসার সদস্য প্রদীপ কুমার, আলমগীর হোসেন, পার্থ কুমার দাস ও ধ্রুব সরকার দায়িত্বে ছিলেন।

প্রাথমিক হিসাবে ট্রাকে থাকা নির্মাণসামগ্রীর মূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানানো হয়েছে। তবে এসব মালামাল কে বা কার নির্দেশে বিশ্ববিদ্যালয়ের বাইরে নেওয়া হচ্ছিল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

ঘটনাটি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন