শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

টেকনাফে কোস্ট গার্ডের দুই অভিযান, ২৫ হাজার ইয়াবাসহ আটক ৪

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযান চালিয়ে ২৫ হাজার ইয়াবাসহ চারজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ইয়াবা পাচারে ব্যবহারের অভিযোগে একটি কাঠের নৌকাও জব্দ করা হয়েছে। কোস্ট গার্ডের হিসাবে উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি ২৫ লাখ টাকা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে টেকনাফ থানার নোয়াপাড়া-সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি দল।

অভিযানের সময় মিয়ানমার থেকে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করা একটি কাঠের নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিতে তল্লাশি চালানো হয়। কোস্ট গার্ডের দাবি, তল্লাশিতে নৌকাটি থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে নৌকায় থাকা তিনজনকে মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়।

কোস্ট গার্ড উদ্ধার করা ২০ হাজার ইয়াবার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছে। পাচারে ব্যবহারের অভিযোগে কাঠের নৌকাটিও জব্দ করা হয়।

এর আগে একই দিন রাত ৮টার দিকে টেকনাফ থানার শীলবুনিয়া পাড়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ।

গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে পাঁচ হাজার ইয়াবাসহ একজনকে আটক করা হয় বলে জানিয়েছে কোস্ট গার্ড। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে।

দুই অভিযান মিলিয়ে মোট ২৫ হাজার ইয়াবা উদ্ধার এবং চারজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য দাঁড়ায় এক কোটি ২৫ লাখ টাকা।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা ইয়াবা ও নৌকা এবং আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের বিস্তার প্রতিরোধে ভবিষ্যতেও কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন