মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

কালো ধোঁয়া নির্গমনের দায়ে জুলাইয়ে ডিএমপির ৯১৫ মামলা

রাজধানীর সড়কে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত জুলাই মাসে ৯১৫টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

পরিবেশ দূষণ কমানো এবং যানবাহন থেকে নির্গত অতিরিক্ত কালো ধোঁয়া নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব মামলা করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ।

ডিএমপি সূত্রে জানা যায়, জুলাই মাসজুড়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক বিভাগের আটটি ইউনিট অভিযান পরিচালনা করে। এর মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক-মতিঝিল বিভাগে। এ বিভাগে কালো ধোঁয়া নির্গমনের অভিযোগে ৩৫৪টি মামলা করা হয়েছে।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৩৪টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৫৪টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ৪টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৭২টি মামলা করা হয়েছে।

এ ছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩১টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৬টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ১২৮টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ৫৬টি মামলা করেছে ট্রাফিক বিভাগ।

ডিএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছে, অতিরিক্ত কালো ধোঁয়া পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই দূষণকারী যানবাহনের বিরুদ্ধে নজরদারি ও আইনগত ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

রাজধানীর বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং সড়কে পরিবেশবান্ধব যান চলাচল নিশ্চিত করতে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান ও আইনানুগ ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন