অনুসরণ করুন:
শনিবার, ৮ আগস্ট ২০২৬

লিবিয়ায় প্রবাসী বাংলাদেশিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ, কুষ্টিয়ায় একজন গ্রেপ্তার

কুষ্টিয়া, ৭ আগস্ট: লিবিয়ায় কর্মরত এক বাংলাদেশি নাগরিককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় কুষ্টিয়ায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটির দাবি, গ্রেপ্তার ব্যক্তি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং তদন্তে তার নামে পরিচালিত একটি ব্যাংক হিসাবে মুক্তিপণের অর্থের একটি বড় অংশ জমা হওয়ার তথ্য পাওয়া গেছে।

পিবিআই কুষ্টিয়া জেলা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী মো. বজলুর রহমান দীর্ঘদিন ধরে লিবিয়ায় টাইলস মিস্ত্রি হিসেবে কাজ করছিলেন। গত ৬ এপ্রিল কাজ শেষে বাসায় ফেরার পথে তাকে কয়েকজন মুখোশধারী অপহরণ করে বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অপহরণের পরদিন ইমো ভিডিও কলের মাধ্যমে ভুক্তভোগীকে নির্যাতনের দৃশ্য পরিবারের সদস্যদের দেখিয়ে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে ভুক্তভোগীর স্ত্রী মোছা. ফিরোজা খাতুন বিভিন্ন সময়ে একাধিক ব্যাংক হিসাবে মোট ২৩ লাখ টাকা পাঠান। এরপর গত ২৮ এপ্রিল ভুক্তভোগী মুক্তি পান।

এ ঘটনায় ৩ মে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় অপহরণ ও মুক্তিপণ-সংক্রান্ত ধারায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলাটির তদন্তভার স্বপ্রণোদিত হয়ে গ্রহণ করে পিবিআই কুষ্টিয়া জেলা। মামলার তদন্তের দায়িত্বে রয়েছেন উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিবুল ইসলাম।

তদন্তের অংশ হিসেবে গত ৫ আগস্ট কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাস এলাকা থেকে মো. রাহাত আহমদ (২২) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানিয়েছে পিবিআই।

সংস্থাটির ভাষ্য, তদন্তে দেখা গেছে যে মুক্তিপণের অর্থের মধ্যে ১৬ লাখ টাকা ইসলামী ব্যাংকের একটি হিসাবে পাঠানো হয়েছিল, যা গ্রেপ্তারকৃত রাহাত আহমদের নামে পরিচালিত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

পিবিআই জানিয়েছে, মামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে। পাশাপাশি গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্য এবং আর্থিক লেনদেনের বিভিন্ন দিকও যাচাই করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন