অনুসরণ করুন:
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া উজ্জল মিয়া (৩২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন উজ্জল মিয়া। পরে তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হলে বিকেল পৌনে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী আনোয়ার হোসেন জানান, উজ্জল মিয়া কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে আটক ছিলেন। তার হাজতি নম্বর ১১৭৫১/২৬। তার বাবার নাম শামছুল হক। বাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাগার কাপুরিয়া এলাকায়। তবে তিনি কোন মামলায় কারাবন্দি ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তথ্য জানানো সম্ভব হয়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন