অনুসরণ করুন:
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

জাতীয় অর্থোপেডিক হাসপাতালের রুগী ভাগিয়ে নেওয়ার চেষ্টাকালে দালাল আটক

ঢাকা | ৬ আগস্ট ২০২৬

রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ চিকিৎসাসেবা নিতে আসা এক রোগীকে প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে এক দালালকে আটক করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় তাকে আটক করা হলে পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের আওতাধীন নিটোরের জরুরি বিভাগের সামনে ঘটনাটি ঘটে। অভিযোগ রয়েছে, জাকির হোসেন (৪৫) নামে এক ব্যক্তি এক রোগীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে হাসপাতালের বাইরে একটি বেসরকারি ক্লিনিকে নেওয়ার উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে তোলার চেষ্টা করছিলেন।

এ সময় দায়িত্বরত প্লাটুন কমান্ডার (পিসি) মো. আবু সাইদ ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত হস্তক্ষেপ করেন এবং অভিযুক্তকে হাতেনাতে আটক করেন। পরে জরুরি পার্কিং এলাকায় দায়িত্বরত আনসার সদস্য মো. ওবায়দুলের সহযোগিতায় তাকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সরকারি হাসপাতালগুলোতে রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দালালচক্র, চুরি, ছিনতাই এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাদের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। এ ধরনের অনিয়ম ও অপরাধ দমনে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন