রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাসের মাধ্যমে জুয়া খেলার অভিযোগে ১৫ জন এবং অন্যান্য অপরাধে আরও ২ জনকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে জুয়া খেলার অভিযোগে আটক ১৫ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বংশাল থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত ২টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন একটি বাসায় অভিযান চালানো হয়। অভিযানে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় ১৫ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ ছাড়া পৃথক আরেকটি অভিযানে মো. সোহেল রানা (৩২) ও মো. ইকরামুল হক ওরফে ইমরান (২৭)-কে অন্যান্য অপরাধের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে পুলিশ ২ পুরিয়া গাঁজা, ৩টি তাসের বান্ডিল, ২টি লাল-সবুজ চেকের পুরোনো ও ছেঁড়া বিছানার চাদর এবং জুয়া খেলায় ব্যবহৃত নগদ ২৪ হাজার ৮৫০ টাকা জব্দ করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, রাজধানীতে জনশৃঙ্খলা রক্ষা, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

