অনুসরণ করুন:
বুধবার, ৫ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতা জোরদারে গুরুত্ব

ঢাকা, ৪ আগস্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করা, বিনিয়োগ বৃদ্ধি এবং বিভিন্ন সম্ভাবনাময় খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক মত বিনিময় করেন।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক পারস্পরিক আস্থা, বন্ধুত্ব ও সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। বর্তমান সরকার এই সম্পর্ককে আরও কৌশলগত, বহুমাত্রিক ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে উন্নীত করতে আগ্রহী।

প্রধানমন্ত্রী বিশেষভাবে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। এ খাতে সৌদি কোম্পানিগুলোর বিনিয়োগ দুই দেশের জন্যই লাভজনক হবে।

সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। তিনি জানান, সৌদি আরব প্রক্রিয়াজাত খাদ্য, সি-ফুড, ট্রপিক্যাল ফুড, কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে সহযোগিতা ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী।

তিনি সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন এবং জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

সাক্ষাতের শেষে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। আমন্ত্রণের জন্য প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়ে সুবিধাজনক সময়ে সৌদি আরব সফরের আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠক বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে অর্থনৈতিক, জ্বালানি ও কৌশলগত সহযোগিতার নতুন সম্ভাবনা সৃষ্টি করবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন