অনুসরণ করুন:
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

বেনজীর আহমেদকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক উদ্যোগ জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার আইনি প্রক্রিয়ার পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বেনজীর আহমেদের প্রত্যাবর্তন নিশ্চিত করতে সরকার একযোগে আইনগত ও কূটনৈতিক উভয় পথেই কাজ করছে। তার ভাষায়, আইনি প্রক্রিয়া অব্যাহত রাখার পাশাপাশি বিষয়টি সহজতর করতে সংশ্লিষ্ট কূটনৈতিক চ্যানেলও সক্রিয়ভাবে ব্যবহার করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাতের আদালত বেনজীর আহমেদকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন। তবে তিনি যাতে দেশটি ত্যাগ করতে না পারেন, সে বিষয়টি আদালতের আদেশে অন্তর্ভুক্ত রয়েছে বলে সরকারের কাছে তথ্য রয়েছে।

তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতে একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল’ ফার্ম) নিয়োগ দিয়েছে। প্রতিষ্ঠানটিকে আদালতের আদেশের সত্যায়িত অনুলিপি সংগ্রহ এবং যত দ্রুত সম্ভব জামিন বাতিলের আবেদন দাখিলের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ জানান, বেনজীর আহমেদকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি নথিপত্রও প্রস্তুত করা হচ্ছে। এসব নথি সংশ্লিষ্ট আদালতে দাখিলের পর প্রত্যাবর্তন প্রক্রিয়ার পরবর্তী ধাপ এগিয়ে নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের কাছে এমন তথ্য রয়েছে যে বেনজীর আহমেদের একাধিক দেশের পাসপোর্ট থাকতে পারে। বিষয়টি যাচাই করা হচ্ছে এবং সরকারের আইনগত কৌশল নির্ধারণের ক্ষেত্রে এ তথ্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

তিনি এ বিষয়ে তদন্ত ও আইনি কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে বলেন, আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে এবং সরকারের লক্ষ্য হলো যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারিক কার্যক্রমের আওতায় আনা।

উল্লেখ্য, সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার-সংক্রান্ত একাধিক অভিযোগে দেশে বিভিন্ন সংস্থার তদন্ত এবং আইনি কার্যক্রম চলমান রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন