অনুসরণ করুন:
বুধবার, ২৯ জুলাই ২০২৬

১২ আগস্ট থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী রিহ্যাব সামার ফেয়ার-২০২৬

দেশের আবাসন খাতকে আরও গতিশীল করতে আগামী ১২ আগস্ট রাজধানীতে শুরু হচ্ছে চার দিনব্যাপী রিহ্যাব সামার ফেয়ার-২০২৬। ১২ থেকে ১৫ আগস্ট পর্যন্ত রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে আবাসন খাতের অন্যতম বৃহৎ এ আয়োজন। এতে দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট কোম্পানি, নির্মাণসামগ্রী ও আবাসন-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নেবে।

সোমবার রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার প্রথম সভা শেষে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়। রাজধানীর রিহ্যাব সচিবালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও রিহ্যাব পরিচালক তাসনোভা মাহবুব সালাম।

সভায় তিনি কমিটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, গণমাধ্যমের সঙ্গে সমন্বিত যোগাযোগ জোরদার, রিহ্যাবের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, ডিজিটাল প্ল্যাটফর্মে কার্যকর উপস্থিতি নিশ্চিত, তথ্যনির্ভর প্রচার এবং গুজব ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আবাসন খাতের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে বিভিন্ন প্রচার কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, দেশের পরিকল্পিত নগরায়ণ, আবাসন শিল্পের বিকাশ এবং সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি রিহ্যাবের বিভিন্ন কার্যক্রম জনসাধারণের কাছে আরও কার্যকরভাবে উপস্থাপনে স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার সক্রিয় ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।

সভায় অংশগ্রহণকারীরা আসন্ন রিহ্যাব সামার ফেয়ার-২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রচার-প্রচারণা, সংবাদমাধ্যমের সঙ্গে সমন্বয়, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং আবাসন শিল্পের ইতিবাচক দিকগুলো তুলে ধরার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন।

রিহ্যাব সূত্রে জানা গেছে, এবারের মেলায় দেশের খ্যাতনামা আবাসন প্রতিষ্ঠানগুলো তাদের চলমান ও আসন্ন প্রকল্প উপস্থাপন করবে। পাশাপাশি আবাসন খাতের বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, নির্মাণসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও অংশ নেবে। দর্শনার্থীরা একই স্থানে বিভিন্ন এলাকার ফ্ল্যাট, প্লট, আবাসন প্রকল্প, গৃহঋণ সুবিধা, বিনিয়োগের সুযোগ এবং আবাসন-সংক্রান্ত সর্বশেষ তথ্য সংগ্রহের সুযোগ পাবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, বর্তমান বাজার পরিস্থিতিতে আবাসন খাতে ক্রেতা ও বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে এবং প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্ভাব্য ক্রেতাদের সরাসরি যোগাযোগের ক্ষেত্র তৈরি করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে আবাসন শিল্পের নতুন প্রবণতা, প্রযুক্তি ও অর্থায়নের সুযোগ সম্পর্কে সাধারণ মানুষের ধারণা বাড়াতেও মেলাটি সহায়ক হবে।

সভায় রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট (৩) এ এফ এম ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ, স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার কো-চেয়ারম্যান তৌহিদা সুলতানা, এম. ছাখাওয়াত হোসেন, মোহাম্মদ মোবারক হোসেনসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

প্রতিবছরের মতো এবারের রিহ্যাব সামার ফেয়ারেও আবাসন খাতের সর্বশেষ প্রকল্প, বিনিয়োগের সম্ভাবনা এবং গৃহঋণ-সংক্রান্ত বিভিন্ন তথ্য এক ছাদের নিচে উপস্থাপনের মাধ্যমে ক্রেতা, বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি হবে বলে আশা করছে আয়োজকরা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন