নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের কর্মসূচি ঘোষণাকে “ভালো লক্ষণ নয়” বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
আজ রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল (অব.) এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১-দলীয় নির্বাচনী ঐক্যভুক্ত দলগুলো ‘নির্বাচন-পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে’ রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। এ প্রসঙ্গে হাফিজ উদ্দিন বলেন, নতুন সরকার এখনো দায়িত্ব নেয়নি—এ অবস্থায় আন্দোলনের ডাক দেওয়া দেশের জন্য ইতিবাচক বার্তা নয়। তাঁর মতে, বিরোধী দলকে দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় কর্মসূচি নির্ধারণ করা উচিত।
নতুন সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়ে তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিরোধী দলের নেতাদের বাসায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন, যা তিনি ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির ইঙ্গিত হিসেবে দেখছেন। তাঁর ভাষায়, বিরোধী দল সরকারের গঠনমূলক সমালোচনা করবে—এটাই প্রত্যাশা; ঘনঘন রাজপথ অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা উচিত নয়।
নতুন মন্ত্রিসভা গঠন প্রসঙ্গে তিনি বলেন, একটি তুলনামূলক ছোট মন্ত্রিসভা হতে পারে বলে তিনি শুনেছেন। আন্দোলন–সংগ্রামে অবদান রাখা, দুর্নীতিমুক্ত, দক্ষ ও জনপ্রিয় ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি। নবীন ও প্রবীণের সমন্বয়ে মন্ত্রিসভা গঠিত হবে বলেও মন্তব্য করেন। জোটভুক্ত দলগুলোর কয়েকজন সদস্যও এতে থাকতে পারেন বলে ইঙ্গিত দেন তিনি।
এম এ জি ওসমানীকে ‘ফিল্ড মার্শাল’ করার প্রস্তাব
আলোচনা সভায় জেনারেল এম এ জি ওসমানীর অবদান তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, স্বাধীনতার পর তাঁর প্রাপ্য মর্যাদা দেওয়া হয়নি। মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক হিসেবে তাঁর ভূমিকা ঐতিহাসিক। তিনি প্রস্তাব করেন, তাঁকে মরণোত্তর ‘ফিল্ড মার্শাল’ পদে ভূষিত করার বিষয়টি বিবেচনা করা উচিত।
তিনি জানান, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন থেকে তিন বাহিনীর প্রধানদের মাধ্যমে সরকারপ্রধানের কাছে লিখিত সুপারিশ পাঠানো যেতে পারে। ব্যক্তিগতভাবেও তিনি এ উদ্যোগে সহযোগিতা করবেন বলে জানান।
রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) এ আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে রাওয়ার চেয়ারম্যান কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) আবু নওরোজ খুরশিদসহ সামরিক ও বেসামরিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

