শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধারে তথ্য প্রদানকারীদের জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ ঘোষণা দেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, লুট হওয়া অস্ত্রের সন্ধানদাতাদের নির্দিষ্ট হারে আর্থিক পুরস্কার দেওয়া হবে এবং তাদের পরিচয় গোপন রাখা হবে। নির্ধারিত পুরস্কারের মধ্যে রয়েছে—পিস্তল ও শর্টগানের জন্য ৫০ হাজার টাকা, চায়না রাইফেলের জন্য এক লাখ টাকা, এসএমজি’র জন্য দেড় লাখ টাকা এবং এলএমজি’র জন্য পাঁচ লাখ টাকা। এছাড়া প্রতি রাউন্ড গুলির জন্য ৫০০ টাকা হারে পুরস্কৃত করা হবে।

বাহিনীগুলোর নিয়োগে স্বচ্ছতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আগে পুলিশ, আনসার, বিজিবি ইত্যাদি বাহিনীতে নিয়োগ ও বদলিকে ঘিরে দুর্নীতি হতো। কিন্তু এবার তা বন্ধ হয়েছে, বিশেষ করে নিয়োগ প্রক্রিয়ায়। বর্তমানে একাধিক নিয়োগ চলছে এবং এসব প্রক্রিয়ায় যেন কোনো দুর্নীতি না হয় সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর নজরদারি করছে।” তিনি যোগ করেন, গত এক বছরে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হওয়ায় এ নিয়ে কোনো নেতিবাচক সংবাদও প্রকাশিত হয়নি।

সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিয়োগ বা অন্য কোনো ক্ষেত্রে দুর্নীতির তথ্য পাওয়া গেলে তা অনুসন্ধান ও প্রকাশ করতে হবে। তবে ভুল তথ্য দিয়ে কাউকে হয়রানি না করারও আহ্বান জানান তিনি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনারের রাস্তা বন্ধ করে চলাচলের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তাকে শোকজ করা হবে এবং ব্যাখ্যা চাওয়া হবে।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম বিপিএমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন