বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজে আগুনে একই পরিবারের ১০ জন দগ্ধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে লাগা আগুনে একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন। গুরুতর দগ্ধদের মধ্যে ৯ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

গতরাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাজিল এলাকার একটি টিনসেড বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন—তানজিল ইসলাম (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩৫), তাদের সন্তান তিশা (১৭) ও আরাফাত (১৫); হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২), তাদের সন্তান মুনতাহা (১১), জান্নাত (৪) ও ইমাম উদ্দিন (১ মাস); এ ছাড়া দুই বোন আসমা ও সালমার মা তাহেরা খাতুন (৬০) দগ্ধ হয়েছেন। তাহেরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ হাসানের ছোট ভাই রাকিবুল ইসলাম জানান, দুই বোন আসমা ও সালমা তাদের পরিবার নিয়ে টিনসেড ওই বাড়িতে ভাড়া থাকতেন। বাসার পাশ দিয়ে যাওয়া গ্যাস পাইপলাইন থেকে লিক হয়ে ঘরে গ্যাস ছড়িয়ে পড়েছিল। রাতে আগুন ধরে গেলে মুহূর্তেই পুরো ঘর দাউদাউ করে জ্বলে ওঠে। এতে পরিবারের সবাই দগ্ধ হন।

খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাতেই ঢাকায় পাঠান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার বলেন, “আমাদের ইনস্টিটিউটে মোট ৯ জন রোগী এসেছেন। সবার অবস্থাই গুরুতর, তাদের দগ্ধ শরীরের অংশ কতটুকু তা পরীক্ষা-নিরীক্ষা চলছে।”

ঘটনার পর হিরাজিল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অভিযোগ করেছেন, পুরোনো গ্যাস লাইনে নিয়মিত লিকেজ থাকলেও কর্তৃপক্ষ তা মেরামতে উদাসীন ছিল।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন