বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জে হাতুড়ির আঘাতে পিতাকে হত্যা, ছেলে গ্রেফতার

নারায়ণগঞ্জ, ৫ জুলাই ২০২৫:

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে মোবাইল ফোন কিনতে টাকা না পেয়ে রাগের বশে পিতাকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগে ছেলে মোঃ ইয়াসিন (২২) গ্রেফতার হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ জুলাই আড়াইহাজার থানার বিশ্বনন্দী পূর্বপাড়া এলাকার মাহবুল হক (৫৬)-এর সঙ্গে তার মেজো ছেলে ইয়াসিনের মোবাইল ফোন কেনা নিয়ে কথা কাটাকাটি হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে ইয়াসিন রাগান্বিত হয়ে পিতার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় মাহবুল হককে আড়াইহাজার স্বাস্থ্য ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের স্ত্রী মোছাঃ রাশিদা বেগম বাদী হয়ে আড়াইহাজার থানায় ছেলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের নির্দেশনায় আসামি গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। ‘সি’ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মেহেদী ইসলামের তত্ত্বাবধানে তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আতিক এবং রূপগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ দল অভিযান চালিয়ে অদ্য ৫ জুলাই দুপুর ১টা ৪৫ মিনিটে রূপগঞ্জ থানার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকা থেকে ইয়াসিনকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াসিন হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন