বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

পটুয়াখালীর টেংরাখালীতে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের অভিযানে ৪ কোটি ৬৫ লাখ টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ

পটুয়াখালীর টেংরাখালীতে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী এবং মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৪ কোটি ৬৫ লাখ টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ জুলাই) ভোর ৪টার দিকে পটুয়াখালী সদর থানাধীন টেংরাখালী পুরাতন বিমানবন্দর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কুয়াকাটা থেকে বাগেরহাটগামী সন্দেহভাজন একটি ট্রাক তল্লাশি করে আনুমানিক ১ কোটি ৫৫ লাখ পিস অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৬৫ লাখ টাকা।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও জানান, অবৈধ চিংড়ি রেণুর প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত ট্রাকচালককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পরে জব্দকৃত চিংড়ি রেণু উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে লোহালিয়া নদীতে অবমুক্ত করা হয়।

তিনি বলেন, “দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার ফলে উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন