খুলনায় ১৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১টা ১০ মিনিটের দিকে হরিণটানা থানা পুলিশের একটি দল খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরোপয়েন্ট মোড় সংলগ্ন রুচি হোটেলের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম ওমর ফারুক (২৪)। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা থানার ৩ নম্বর ওয়ার্ডের কুলিয়া এলাকার মশিয়ারের ছেলে।
কেএমপি হেডকোয়ার্টার্স মিডিয়া সেলের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারের সময় ওমর ফারুকের কাছ থেকে ১৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। থানার রেকর্ডপত্র এবং সিডিএমএস যাচাই করে দেখা হচ্ছে, তার বিরুদ্ধে পূর্বে কোনো মামলা আছে কি না। উদ্ধারকৃত মাদকের উৎস, পরিবহনে সহযোগী, অর্থ লগ্নিকারী এবং গডফাদারদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কেএমপি জানিয়েছে, মাদকের বিস্তার রোধে নগর পুলিশের পক্ষ থেকে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে।

