বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

রাজধানীতে স্বামীর সাথে অভিমানে দুই গৃহবধূর আত্মহত্যা

রাজধানীতে স্বামীদের সঙ্গে অভিমান করে দুই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, আত্মহত্যাকারীরা হলেন কদমতলী এলাকার কারিনা (২২) এবং কলাবাগান এলাকার রুনা আক্তার মিম (২৫)। দুজনেই গৃহিণী।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌসী আক্তার জানান, কারিনার বাবার নাম ইকবাল হোসেন। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের বাসিন্দা। কারিনা স্বামী শহিদুল ইসলামের সঙ্গে কদমতলীর হাজী লাল মিয়া সরদার রোডের একটি ভবনের ৬ষ্ঠ তলায় বসবাস করতেন। পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়ার পর শুক্রবার সন্ধ্যায় বাসার ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে।

অন্যদিকে, কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কুমার কুন্ডু জানান, রুনা আক্তার মিমের বাবার নাম মৃত আসাদ সরকার। তার বাড়ি খুলনার ডুমুরিয়ায়। স্বামীর নাম সজিব রহমান। স্বামীর সঙ্গে ঝগড়ার কারণে শুক্রবার কলাবাগান আল আমিন রোডের একটি ভবনের ৪র্থ তলায় মায়ের বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। রাতেই স্বজনদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

পুলিশ বলছে, দুটি ঘটনাতেই প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণেই আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্ত চলছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন