রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

ফোনালাপ ফাঁসের ঘটনায় প্রত্যাহার, চার দিন পর থানা ছাড়লেন ওসি

যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে আপত্তিকর ফোনালাপ ফাঁসের ঘটনায় প্রত্যাহার, দায়িত্বে ওসি তদন্ত ফেরদৌসি

যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে আপত্তিকর ফোনালাপ ফাঁসের ঘটনায় প্রত্যাহার হওয়া ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান চার দিন পর রাতের আঁধারে থানা ছেড়েছেন। তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম।

পুলিশের বক্তব্য

মো. সাইফুল ইসলাম বলেন, জেলা পুলিশ সুপার যোগদানের পর বিভাগীয় নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তিনি জানান, বুধবার ওসি নোমানকে প্রত্যাহার করা হলেও থানার দায়িত্ব হস্তান্তর এবং তার নিজস্ব প্রস্তুতির কারণে পুলিশ লাইন্সে সংযুক্ত হতে বিলম্ব হয়েছে। এতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।

দাগনভূঞা থানায় নতুন ওসি পদায়ন না হওয়া পর্যন্ত ওসি তদন্ত ফেরদৌসি বেগম ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন।

দায়িত্ব নিলেন ফেরদৌসি বেগম

ফেরদৌসি বেগম বলেন, শনিবার সকাল থেকে তিনি থানার দায়িত্ব বুঝে নিয়েছেন। দায়িত্ব পালনকালে দালাল বা মামলা বাণিজ্যে জড়িত কাউকে থানায় প্রশ্রয় দেওয়া হবে না। সেবাপ্রার্থীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ নজর রাখা হবে।

এদিকে স্থানীয়দের ক্ষোভ ও বিতর্কের মধ্যে ওসি নোমানের থানা ছাড়ার বিষয়টি নিয়ে দাগনভূঞায় আলোচনা চলছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন