কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানে ১১ জেলায় এসব গ্রেপ্তার ও আটক করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় মোট ৬৭৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৬১ জন, পূর্ববর্তী মামলায় ১০০ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১৯ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তিনজন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ২৭ জন, পরোয়ানামূলে ১০৯ জন এবং সাজা পরোয়ানামূলে ১৩ জন রয়েছেন।
মাদকবিরোধী অভিযানে ৭০ জন গ্রেপ্তার
মাদক মামলায় ৩২ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া নিয়মিত ও অন্যান্য মামলায় ৩৮ জন মাদক ব্যবসায়ীসহ মাদকবিরোধী অভিযানে মোট ৭০ জনকে গ্রেপ্তার করা হয়।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৩ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় ২৪টি মাদক মামলা দায়ের করা হয়।
অভিযানে ২৫ হাজার ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, পাঁচ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট, ৫৭ কেজি ৬৬০ গ্রাম গাঁজা, ৬০ লিটার চোলাই মদ, এক বোতল বিদেশি মদ ও ১৩৫ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
এদিকে, বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯৫ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলাভিত্তিক গ্রেপ্তারের তথ্য
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জেলাভিত্তিক গ্রেপ্তারের সংখ্যা হলো—চট্টগ্রামে ৩৬, কক্সবাজারে ছয়, কুমিল্লায় ২০, ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ, চাঁদপুরে পাঁচ, নোয়াখালীতে ১১, ফেনীতে তিন, লক্ষ্মীপুরে ছয়, খাগড়াছড়িতে দুই এবং বান্দরবানে একজন।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩১১
অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩১১ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ১৬৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে এবং ১৪৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক আটক ব্যক্তিদের মধ্যে চট্টগ্রামে ৩১, কক্সবাজারে ১২, কুমিল্লায় ১৫৯, ব্রাহ্মণবাড়িয়ায় ১৬, চাঁদপুরে ১৪, নোয়াখালীতে ২৯, লক্ষ্মীপুরে ২৯, রাঙামাটিতে চার, খাগড়াছড়িতে পাঁচ এবং বান্দরবানে ১২ জন রয়েছেন।
জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

