রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ফের ৫ দিনের রিমান্ড

নিউমার্কেট এলাকায় টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল তদন্ত সংস্থা। শুনানি শেষে ঢাকার আদালত পাঁচ দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছেন।

রাজধানীর নিউমার্কেট এলাকায় খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আবারও পাঁচ দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২৮ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ২৫ নম্বর আদালতের বিচারক রিয়াদ হাসান এ আদেশ দেন। সুইডেন আসলামের ১০ দিনের রিমান্ড আবেদন করা হলেও শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রিমান্ডের বিরোধিতা আসামিপক্ষের

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মাহবুবুল আলম রিমান্ডের বিরোধিতা করেন। তিনি বলেন, আসামি অত্যন্ত বয়োবৃদ্ধ ও অসুস্থ। তিনি ঠিকমতো দাঁড়াতেও পারেন না। এর আগে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হলেও আবার কোন ভিত্তিতে এবং কী কারণে নতুন করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে, তার যৌক্তিকতা নেই।

আইনজীবী আরও বলেন, সুইডেন আসলাম এ হত্যা মামলার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় রিমান্ড বাতিল করে জেলগেটে জিজ্ঞাসাবাদের ব্যবস্থা করার আবেদন জানান তিনি। একই সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থার জন্যও আদালতের কাছে আবেদন করেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। তবে ডিবির এক কর্মকর্তা আদালতে উপস্থিত থেকে রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরেন। পরে আসামিপক্ষের বক্তব্য বিবেচনায় নিয়ে পাঁচ দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে গত ২৩ নভেম্বর একই হত্যা মামলায় সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। ওই রিমান্ড শেষে তাঁকে আবার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে তদন্ত সংস্থা।

যেভাবে হত্যা করা হয় টিটনকে

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে, নিউমার্কেট এলাকার পশ্চিম পাশে বটতলায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন খন্দকার নাঈম আহমেদ টিটন (৫৫)। এ ঘটনায় নিহতের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন।

এজাহারে গরুর হাটের ইজারা নিয়ে বিরোধকে হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ বিরোধের জেরে কয়েকজনের সঙ্গে টিটনের বিরোধ তৈরি হয়েছিল বলে মামলার অভিযোগে দাবি করা হয়।

মামলার তদন্তে হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের জন্য সুইডেন আসলামকে পুনরায় জিজ্ঞাসাবাদের আবেদন করে তদন্ত সংস্থা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন