আইসিজের সাম্প্রতিক অগ্রগতির পরিপ্রেক্ষিতে রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক অগ্রগতির পরিপ্রেক্ষিতে রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে এ উদ্যোগ প্রয়োজন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশ মিশনের প্রধান ড. লরা টম বন্ডে-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রোহিঙ্গা সংকটে সহযোগিতার আহ্বান
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের কারণে সৃষ্ট মানবিক চাহিদা মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারত্বের জন্য আইওএমকে ধন্যবাদ জানান তিনি।
নিয়মিত অভিবাসন ও দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা
বৈঠকে উভয় পক্ষ নিয়মিত অভিবাসনের সুযোগ সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন এবং মেধাভিত্তিক অংশীদারত্ব জোরদারের বিষয়ে আলোচনা করেন।
এ ছাড়া ‘ইস্টার্ন করিডোর ইনিশিয়েটিভ’, প্রত্যাবর্তনকারী অভিবাসীদের বিভিন্ন চ্যালেঞ্জ এবং জলবায়ু পরিবর্তনের কারণে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সমস্যা মোকাবিলার বিষয়েও আলোচনা হয়। জলবায়ু অভিযোজনে সহায়তার উপায় নিয়েও মতবিনিময় করেন তারা।
বাংলাদেশের জাতীয় কর্মপরিকল্পনার প্রশংসা
ড. লরা টম বন্ডে চলতি বছরের মে মাসে নিউইয়র্কে অনুষ্ঠিত দ্বিতীয় ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’-এ বাংলাদেশের অঙ্গীকারের প্রশংসা করেন। ‘গ্লোবাল কমপ্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন’ (জিসিএম) বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের প্রথম ‘জাতীয় কর্মপরিকল্পনা’ অনুমোদনের বিষয়টিকেও স্বাগত জানান তিনি।
ড. বন্ডে জানান, বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণ করতে আইওএম প্রস্তুত রয়েছে। একই সঙ্গে আগামী ৬ ডিসেম্বর সংস্থাটির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানান তিনি।

