যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকার মধ্যেই গাজায় ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ভোররাতে চালানো বিমান হামলায় গাজার উপশিক্ষামন্ত্রী খালেদ মাহমুদ আবু নাদা ও তাঁর স্ত্রীসহ অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোররাতে চালানো ইসরাইলি বিমান হামলায় গাজার উপশিক্ষামন্ত্রী ও তাঁর স্ত্রীসহ অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুকে আল-আকসা শহীদ হাসপাতালের একজন চিকিৎসক জানান, মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের একটি আবাসিক ভবনের অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলায় এক ফিলিস্তিনি ও তাঁর স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
পরে স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা নিহত দম্পতির পরিচয় নিশ্চিত করেন। তাঁরা হলেন ৫৬ বছর বয়সী খালেদ মাহমুদ আবু নাদা এবং তাঁর ৪৯ বছর বয়সী স্ত্রী আবির মোহাম্মদ আবু নাদা। স্থানীয় সূত্রগুলোর দাবি, খালেদ আবু নাদা গাজার উপশিক্ষামন্ত্রী ছিলেন।
হামাসের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন বলে দাবি ইসরাইলের
ইসরাইলের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেছেন, দেশটির সেনাবাহিনী আবু নাদাকে হত্যা করেছে। তাঁদের ভাষ্য, তিনি হামাসের অর্থনীতি ও শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন।
নেতানিয়াহু ও কাৎজের যৌথ বিবৃতিতে আরও দাবি করা হয়, অক্টোবর মাসে হামাসের ৮০ জন কর্মকর্তা ও সদস্যকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।
তবে ইসরাইলের এসব দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ফিলিস্তিনি সংগঠন হামাস।
গাজা নগরীতে পৃথক হামলায় নিহত আরও ৬
এদিকে গাজা নগরীতে পৃথক দুটি ইসরাইলি হামলায় আরও ছয়জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) গাজার আল-শিফা হাসপাতালের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
হাসপাতালটির একটি সূত্র জানায়, উত্তর গাজার আল-শাতি শরণার্থী শিবিরে ইসরাইলি হামলার পর তিন ফিলিস্তিনির মরদেহ এবং গুরুতর আহত এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে।
অন্যদিকে স্থানীয় ফিলিস্তিনি সূত্রগুলো আনাদোলুকে জানায়, শরণার্থী শিবিরটিতে বেসামরিক মানুষের একটি জমায়েত লক্ষ্য করে ইসরাইলি ড্রোন হামলা চালানো হয়। এতে তিনজন নিহত এবং আরও একজন আহত হন।
এ ছাড়া মধ্য গাজার আল-মাগাজি শরণার্থী শিবিরের পূর্বাঞ্চলে ইসরাইলি সেনাদের অবস্থানের কাছাকাছি এলাকায় ফিলিস্তিনিদের বাড়িঘর ও অন্যান্য স্থাপনা বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। এ সময় সামরিক যান থেকে ব্যাপক গুলিবর্ষণের ঘটনাও ঘটে।
প্রত্যক্ষদর্শীরা আনাদোলুকে জানান, স্থাপনাগুলো ধ্বংস করার সময় গাজা উপত্যকার বিস্তীর্ণ এলাকায় দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়।
যুদ্ধবিরতির পরও প্রাণহানি অব্যাহত
২০২৫ সালের ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় ১ হাজার ৬৭৯ ফিলিস্তিনি নিহত এবং আরও ৬ হাজার ১০০ জন আহত হয়েছেন।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরাইলের সামরিক অভিযানে এ পর্যন্ত ৭৪ হাজার ৭৪৬ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৬ হাজারের বেশি আহত হয়েছেন। এ ছাড়া উপত্যকাটির প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে। নিহত ও আহতদের অধিকাংশই নারী ও শিশু।

