জাতীয় সংসদে যোগ্য ও দক্ষ নাগরিকদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সংসদকে আরও দক্ষ ও কার্যকর করতে সরকারি-বিরোধী দলসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন নিয়েও নতুন করে আলোচনার আহ্বান জানিয়েছেন তিনি।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বাংলাদেশের জাতীয় সংসদকে অধিকতর দক্ষ ও কার্যকরভাবে গড়ে তুলতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যারা সত্যিকার অর্থেই যোগ্য, দক্ষ এবং পেশাদারত্বের সঙ্গে কাজ করতে পারবেন, দুঃখজনকভাবে তাঁরা রাজনীতিতে আসতে চান না।
দেশের যোগ্য ও দক্ষ নাগরিক, তরুণ প্রজন্ম, সুশীল সমাজের প্রতিনিধি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মেধাবী ও সচেতন মানুষকে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। তাঁর মতে, জনগণের প্রতিনিধিত্ব করে জাতীয় সংসদে এসে নিজেদের যোগ্যতা, মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে দেশ গঠন ও রাষ্ট্রের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর গুলশানের দি সিক্স সিজনস হোটেলে ‘How Can the Jatiya Sangsad Be Made More Efficient and Effective’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও সংসদের ইতিহাস
বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা এবং বিভিন্ন সময়ে জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাস পর্যালোচনা করে ডেপুটি স্পিকার বলেন, দেশে বারবার গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এবং জনগণের গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত করা হয়েছে।
তিনি বলেন, ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু করেছিলেন এবং একটি কার্যকর সংসদ প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু ২০০৮ সালের পর বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ক্রমাগত ভূলুণ্ঠিত হয়েছে এবং মানবাধিকার হরণ করা হয়েছে।
কায়সার কামাল অভিযোগ করেন, নির্বাচন কমিশনকে ক্ষমতা নবায়নের এজেন্ট হিসেবে ব্যবহার করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে প্রহসনমূলক ও ডামি নির্বাচন করা হয়েছে।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে আলোচনার আহ্বান
জাতীয় সংসদ ও সংসদ সচিবালয়কে আরও দক্ষ, কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিদ্যমান সীমাবদ্ধতার কথা তুলে ধরেন ডেপুটি স্পিকার।
তিনি বলেন, সংবিধানের ৭৬(৩), ৭৭ ও ৭৯ অনুচ্ছেদে জাতীয় সংসদ ও সংসদীয় কার্যক্রমের কার্যকর পরিচালনা, সংসদীয় কমিটির ক্ষমতা এবং জাতীয় সংসদ সচিবালয়ের স্বাতন্ত্র্য ও স্বাধীনতার বিষয়ে সুস্পষ্ট বিধান রয়েছে। এসব সাংবিধানিক বিধানের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার পাশাপাশি সংসদ ও সংসদ সচিবালয়ের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, দক্ষতা ও কার্যকারিতা আরও বাড়ানো প্রয়োজন।
তিনি আরও বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়েও নতুন করে ভাবতে হবে এবং এর সংশোধন নিয়ে আলোচনা করতে হবে। সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতপ্রকাশ, ভিন্নমত তুলে ধরা এবং জনগণের স্বার্থে কার্যকরভাবে সংসদীয় দায়িত্ব পালনের সুযোগ কীভাবে আরও সম্প্রসারিত করা যায়, সে বিষয়ে গভীরভাবে চিন্তা করা প্রয়োজন।
সরকারি-বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান
কায়সার কামাল বলেন, বর্তমান সংসদ বিগত যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি কার্যকর। অনেক ত্যাগ ও সংগ্রামের পর তাঁরা আজকের এই সংসদ পেয়েছেন। এখানে সরকারি ও বিরোধী দল একসঙ্গে মিলেমিশে কাজ করার চমৎকার পরিবেশ রয়েছে।
তিনি বলেন, এখনই উপযুক্ত সময় সংসদকে সত্যিকার অর্থেই একটি কার্যকর সংসদ হিসেবে গড়ে তোলার। দিনশেষে দেশ সবার, তাই সবাইকে মিলেই দেশ গড়ে তুলতে হবে।
দেশকে নতুনভাবে গড়ে তুলতে সুশীল সমাজের প্রতিনিধি ও উন্নয়ন অংশীদারসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সেমিনারে সংসদ সদস্য মো. সাইফুল আলম, ফাহিমা নাসরিন ও মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতিসহ বিশিষ্ট ফেলো, সংবিধান বিশেষজ্ঞ, নরওয়েজিয়ান দূতাবাসের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও রাষ্ট্রবিজ্ঞানীরা অংশ নেন এবং তাঁদের মতামত তুলে ধরেন।
ঢাকায় অবস্থিত রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাসের সহায়তায় ঢাকা ট্রিবিউন এ সেমিনারের আয়োজন করে।

