শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য জামায়াত আমিরের
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ও সহিংস কর্মকাণ্ড মোকাবিলায় বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়তে প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বিরোধী দল। তবে সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
একই সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন তিনি।
অস্ট্রেলিয়া সফর শেষে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত আমির।
সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্যের আহ্বান
ডা. শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী দেশের কথা চিন্তা করেই সংলাপের ডাক দিয়েছেন। তবে এই সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য গড়ে তুলতে হবে। দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
আওয়ামী লীগের চরিত্রে পরিবর্তন হয়নি
জুলাই সনদ বাস্তবায়ন না করায় দেশে অস্থিরতা শুরু হয়েছিল উল্লেখ করে জামায়াত আমির বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাংলাদেশের যুবসমাজ তাদের দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিল।
সকল হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ধৈর্য ধরতে হবে বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।

