সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিও পুরোনো ও এআই দিয়ে তৈরি বলে দাবি, এলাকায় পরিস্থিতি স্বাভাবিক
নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবরকে ‘মিথ্যা ও বানোয়াট’ বলে দাবি করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো পুরোনো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।
নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আল মামুন শিকদারের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
পুলিশ দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) কামারুন মুনিরা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
হিন্দু পরিবারের বসতি নেই বলে পুলিশের দাবি
লিখিত বার্তায় পুলিশ সুপার বলেন, বেন্দারচর গ্রামে কোনো হিন্দু পরিবারের বসতি নেই। সেখানে কোনো হিন্দু পরিবারের সদস্য বা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেনি।
বিএনপির মিছিলে হামলায় দুজন নিহত
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে কালিয়া থানার বেন্দারচর সুইচগেটসংলগ্ন বটতলায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির একটি মিছিলে হামলা চালান। এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০) নিহত হন।
এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাসকে (২১) গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
হত্যাকাণ্ডের জেরে কয়েকটি বাড়িতে হামলা
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের জেরে গত ২০ নভেম্বর বিকেল পৌনে ৫টার দিকে নিহতদের বিক্ষুব্ধ স্বজন এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী বেন্দারচর গ্রামে জড়ো হন। একপর্যায়ে তাঁরা হত্যাকাণ্ডে জড়িত নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে চলে যান।
খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

