বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

কপ-৩১ সম্মেলনে তরুণদের প্রতিবাদ: গণহত্যা, সাম্রাজ্যবাদ ও যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক

আনতালিয়ায় শতাধিক তরুণের বিক্ষোভে যুদ্ধ, সাম্রাজ্যবাদ ও সামরিক আগ্রাসন বন্ধের আহ্বান

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ পরিবেশ দূষণের পাশাপাশি ফিলিস্তিনে গণহত্যা ও বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী সন্ত্রাসের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন দেশের তরুণরা। তাঁদের দাবির মধ্যে ছিল সামরিক আগ্রাসন বন্ধ, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং যুদ্ধ ও বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা।

শুক্রবার দুপুরে তুরস্কের আনতালিয়ায় সম্মেলনস্থলের প্রবেশপথে এশিয়া, ইউরোপ ও আফ্রিকাসহ বিভিন্ন মহাদেশের শতাধিক তরুণ প্রতিবাদে অংশ নেন। তাঁদের শরীরে ও মাথায় জড়ানো ছিল ফিলিস্তিনের খুফিয়া। অনেকের শরীরে লেখা ছিল গণহত্যাবিরোধী স্লোগান। ব্যানার ও ফেস্টুনে ছিল প্রতিরোধ ও সংহতির আহ্বান।

যুদ্ধ ও সামরিকীকরণের বিরুদ্ধে স্লোগান

বিক্ষোভে তরুণরা সামরিক আগ্রাসন বন্ধ, জলবায়ু ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা, দুর্বল জনগোষ্ঠীর বিরুদ্ধে সামরিকীকরণ বন্ধ এবং সাম্রাজ্যবাদ ও লুণ্ঠনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। গণহত্যায় ব্যবহৃত অস্ত্র, জ্বালানি ও বন্দর বন্ধ রাখার দাবিও তোলেন তাঁরা। একই সঙ্গে যুদ্ধ ও বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে সোচ্চার হন।

তাঁদের সঙ্গে কণ্ঠ মেলান সম্মেলনে অংশ নেওয়া অন্যরাও। তরুণরা যখন সমবেত কণ্ঠে যুদ্ধ ও সামরিকীকরণের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন, তখন ওমানের অধিকারকর্মী নাহাদ খালিফা আল সালমিও মুষ্টিবদ্ধ হাতে তাঁদের সঙ্গে স্লোগান ধরেন।

তিনি বলেন, “দখলদারিত্বের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দখলদাররা জলবায়ু ন্যায়বিচারেরও শত্রু। সারা বিশ্বে এদের চেহারা একই। ওদের নির্মমতার বিরুদ্ধে বৈশ্বিক জাগরণ দরকার।”

যুদ্ধের বিরুদ্ধে বৈশ্বিক প্রতিরোধের আহ্বান

ইউক্রেনের অধিকারকর্মী মারিয়ানা সিম্বালিউক বলেন, “দখলদাররা দেশে দেশে প্রাণ ও প্রকৃতি ধ্বংস করছে। মানুষ মারছে। সামরিক অভিযান চালিয়ে গণহত্যা করছে। এরা গণহত্যার সঙ্গে প্রকৃতি হত্যার জন্যও দায়ী। সকল যুদ্ধবাজদের সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে।”

লেবাননের অধিকারকর্মী হ্যালা বলেন, “আমরা বিপন্ন। ইসরায়েলের অন্যায় আগ্রাসন ও সামরিক অভিযান আমাদের ভূমি, জীবন, প্রকৃতি সব তছনছ করে দিচ্ছে। এদের ভেতর মানুষ ও প্রকৃতির জন্য কোনো দয়া-মায়া নেই। এই গণহত্যাকারীদের বিচার করতে হবে।”

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণদের এই কর্মসূচিতে স্পষ্ট হয়েছে, দ্রোহ ও সংহতির কোনো ভৌগোলিক সীমা নেই। তাঁরা একজোট হয়ে গণহত্যা, সাম্রাজ্যবাদ ও কার্বন নিঃসরণকারীদের বিরুদ্ধে আওয়াজ তোলেন।

জলবায়ু ন্যায়বিচার বাস্তবায়নের দাবি বাংলাদেশের কর্মীর

আন্দোলনে অংশ নিয়ে সংহতি জানান বাংলাদেশের জলবায়ুকর্মী ও পরিবেশ আন্দোলনের সংগঠক আমিরুল রাজিব। তিনি বলেন, “বৈশ্বিক উষ্ণায়নের শিকার তো শুধু মানুষ নয়। এর ফলে প্রাণ-প্রকৃতি, পরিবেশ, প্রতিবেশসহ পুরো বাস্তুতন্ত্র বিপুলভাবে ক্ষতিগ্রস্ত ও বিলুপ্ত হচ্ছে।”

তিনি বলেন, “যুদ্ধ, রাষ্ট্রীয় সন্ত্রাস, কৃষিতে বিষ কোম্পানির প্রবল আগ্রাসন, জীবাশ্ম জ্বালানিনির্ভর বৈশ্বিক অর্থনীতির পেছনে একই চক্র। মানবকেন্দ্রিক চিন্তাধারা থেকে আমাদের সামগ্রিক প্রাণবৈচিত্র্যকে রক্ষা করতে হবে। আর তার জন্য জলবায়ু ন্যায্যতা নিশ্চিত ও অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।”

আমিরুল আরও বলেন, “তরুণদের অংশগ্রহণে স্থানীয় ও জাতীয় সুদূরপ্রসারী পরিকল্পনা নিতে হবে। বিশ্বের তরুণরা জাগছে। তাই হঠকারী ও রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী সিদ্ধান্তের বদলে মানুষ ও প্রাণ-প্রকৃতির জন্য বৈশ্বিক জলবায়ু অঙ্গীকার বাস্তবায়ন করতেই হবে।”

তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ গত ৯ নভেম্বর শুরু হয়েছে। সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন