বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

কপ-৩১ সম্মেলনে পরিবেশ ও জলবায়ু ইস্যুতে সক্রিয় জুবাইদা রহমান

নারীস্বাস্থ্য, বর্জ্য ব্যবস্থাপনা ও জলবায়ু অর্থায়ন নিয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তিনি

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। পরিবেশ সুরক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তাঁর বক্তব্য সম্মেলনের আলোচনায় গুরুত্ব পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের জলবায়ু-সংক্রান্ত দাবি তুলে ধরতে এ ধরনের অংশগ্রহণ ভূমিকা রাখতে পারে।

গত ১০ নভেম্বর তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরসঙ্গী ছিলেন ডা. জুবাইদা রহমানসহ ২১ সদস্যের একটি প্রতিনিধি দল। সম্মেলনে অংশগ্রহণ শেষে ১৩ নভেম্বর দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

সফরকালে কপ-৩১ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এসব আলোচনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জলবায়ু অর্থায়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে বৈঠক

আন্তালিয়ায় পৌঁছানোর পর ১০ নভেম্বর তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডা. জুবাইদা রহমান। এ সময় জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দুই দেশের সহযোগিতা ও অংশীদারত্বের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত নারীদের স্বাস্থ্য সুরক্ষা, জলবায়ু সহনশীলতা এবং পরিবেশবান্ধব উন্নয়ন উদ্যোগের বিষয়গুলো তুলে ধরেন ডা. জুবাইদা।

শূন্য বর্জ্য জোটের বৈঠকে বাংলাদেশের অবস্থান

পরদিন সম্মেলনের উচ্চপর্যায়ের বৈঠক ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-এ বক্তব্য দেন তিনি। সেখানে বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং বর্জ্যকে সম্পদে রূপান্তরের বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।

ডা. জুবাইদা বলেন, একক কোনো দেশের প্রচেষ্টায় শূন্য বর্জ্যের লক্ষ্য অর্জন সম্ভব নয়। এ লক্ষ্য বাস্তবায়নে সাশ্রয়ী জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং সংশ্লিষ্ট দেশগুলোর সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

জলবায়ু সংকটে ঝুঁকিতে থাকা দেশগুলোর পক্ষে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার বিষয়টিও এবারের সম্মেলনে গুরুত্ব পেয়েছে।

সম্মেলনের পর ধারাবাহিক তদারকির প্রয়োজন

তবে সম্মেলনে উত্থাপিত বিষয়গুলো বাস্তবে কার্যকর করাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গবেষক ও পরিবেশবিদ শাইয়ান সাদিক ইশাত বলেন, জলবায়ু সম্মেলনের সিদ্ধান্ত ও ফলাফল নিয়ে পরবর্তী সময়ে ধারাবাহিক তদারকি প্রয়োজন। সারা বছর ধরে এ কার্যক্রম চালিয়ে যেতে হবে। পরবর্তী সম্মেলনের আগে অভিযোজন ও প্রশমন খাতে কতটা অর্থায়ন পাওয়া গেল এবং জলবায়ু তহবিলের কতটি প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হলো, সেসব বিষয়ও মূল্যায়ন করতে হবে।

তিনি আরও বলেন, আলোচনাগুলো ফলপ্রসূ করতে নিয়মিত পর্যবেক্ষণ ও মূল্যায়ন জরুরি। পাশাপাশি জলবায়ু প্রতিবেদন তৈরির ধারণাকে আরও জনপ্রিয় করতে হবে, যাতে বিভিন্ন পরিকল্পনার মধ্যে সমন্বয় করা যায়। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে ইতিবাচক ফল পাওয়া সম্ভব।

জলবায়ু বিশ্লেষকদের মতে, নারীস্বাস্থ্য, নবায়নযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনায় তুরস্কের সঙ্গে সহযোগিতা ও অংশীদারত্বের উদ্যোগ বাস্তবায়িত হলে দুই দেশের মানুষ উপকৃত হতে পারেন। একই সঙ্গে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগও তৈরি হতে পারে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন