শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, দোকানপাট ও বিএনপি কার্যালয় ভাঙচুর

পাল্টাপাল্টি মিছিল থেকে ধাওয়া-পাল্টাধাওয়া; উপজেলা বিএনপির কার্যালয় ও কয়েকটি দোকান ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা সদরের সড়কবাজার এলাকায় এ সংঘর্ষ হয়। এ সময় আখাউড়া উপজেলা বিএনপির রাজনৈতিক কার্যালয় ও কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়েছে। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কমিটি নিয়ে বিরোধ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আখাউড়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়। এতে মোবারক হোসেনকে সভাপতি এবং জাকারিয়া আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তারা দুজনই জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার অনুসারী হিসেবে পরিচিত।

শুক্রবার বিকেলে নবগঠিত কমিটির নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের সড়কবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছাত্রদল নেতা তারিকুল ইসলাম রিফাতের নেতৃত্বে পদবঞ্চিত নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল নিয়ে আসেন। তারা ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত।

ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুর

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, এ সময় কবীর আহমেদ ভূঁইয়ার অনুসারীরা মিছিল থেকে উসকানিমূলক আচরণ করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। এ ছাড়া কয়েকটি দোকানপাট এবং উপজেলা বিএনপির রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।

পুলিশের বক্তব্য

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান, ছাত্রদলের দুই পক্ষ পাল্টাপাল্টি আনন্দ মিছিল ও প্রতিবাদ মিছিল বের করে। পরে তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন