বুধবার, ১১ নভেম্বর ২০২৬

নেত্রকোনায় শিশু ধর্ষণের মামলায় মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোনার আদালতের রায়; ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণ, শিক্ষা ও চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকে বহনের নির্দেশ

নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মাদ্রাসাশিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণ, শিক্ষা, চিকিৎসা ও লালন-পালনের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকে বহনের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) নেত্রকোনার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ সালাম এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ নুরুল কবির রুবেল বিবিসি বাংলাকে জানান, বিচারকার্য শুরু হওয়ার মাত্র দুই মাসের মধ্যেই মামলাটির রায় ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, ‘ধর্ষণের শিকার শিশুকে আদালতের নির্দেশে সেইফ কাস্টডিতে নেওয়া হয়েছিল। এখন তাকে তার মায়ের জিম্মায় দেওয়া হয়েছে।’

মাদ্রাসা ছুটির পর নির্যাতনের অভিযোগ

মামলার অভিযোগপত্র অনুযায়ী, ২০২৫ সালের ২ অক্টোবর বিকেলে মাদ্রাসা ছুটির পর অভিযুক্ত শিক্ষক শিশুটিকে মসজিদের বারান্দা ঝাড়ু দিতে বলেন। পরে বারান্দাসংলগ্ন একটি কক্ষে ডেকে নিয়ে দরজা বন্ধ করে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণ করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, ঘটনাটি কাউকে জানালে শিশুটিকে হত্যার হুমকি দেওয়া হয়। পরবর্তী কয়েক দিনেও তাকে ধর্ষণ করা হয় বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।

ডিএনএ পরীক্ষায় পিতৃত্বের মিল

চলতি বছরের ২৩ এপ্রিল শিশুটির পরিবার নেত্রকোনার মদন উপজেলায় এ ঘটনায় মামলা করে। পরে গত ২ জুলাই একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেয় শিশুটি।

নবজাতকের পিতৃত্ব নিশ্চিত করতে আদালতের নির্দেশে জুলাই মাসে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষায় নবজাতকের সঙ্গে অভিযুক্ত আমানুল্লাহর ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায়।

রায়ে আদালতের পর্যবেক্ষণ

রায়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণও তুলে ধরেছেন আদালত। পর্যবেক্ষণে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের মাধ্যমে শিশুদের যৌন হয়রানি, ধর্ষণসহ নানা ধরনের যৌন নির্যাতনের খবর নিয়মিত গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। এসব ঘটনা সমাজকে ব্যথিত ও শঙ্কিত করছে।

এ মামলায় মৃত্যুদণ্ডের পাশাপাশি ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর ভবিষ্যৎ সুরক্ষায় রাষ্ট্রকে ভরণপোষণ, শিক্ষা, চিকিৎসা ও লালন-পালনের সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন