সংসদে পানিসম্পদমন্ত্রী; তিস্তার পানি বণ্টনে এখনো চুক্তি নেই, ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ
গঙ্গা, তিস্তাসহ অন্যান্য অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, বর্তমানে তিস্তা নদীর পানি বণ্টন সংক্রান্ত কোনো চুক্তি নেই। তবে গঙ্গা ও তিস্তাসহ অন্যান্য আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে সরকার চুক্তি স্বাক্ষরের বিষয়ে কাজ করছে।
কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের এক লিখিত প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে প্রশ্নোত্তর পর্বে তার পক্ষে তারকাচিহ্নিত প্রশ্নের উত্তর দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়।
ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ
একই সংসদ সদস্যের অপর এক প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী জানান, ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হবে।
তিনি বলেন, ‘নতুন চুক্তি সইয়ের লক্ষ্যে সরকার ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের কারিগরি কমিটি গঠন করেছে। বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট যাবতীয় বিষয় বিবেচনায় নিয়ে এই কারিগরি কমিটি কাজ করছে।’
নতুন চুক্তির বিষয়ে বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে কারিগরি কমিটি কাজ করছে বলেও জানান তিনি।
শুষ্ক মৌসুমে ফারাক্কায় পানির বণ্টন যেভাবে হয়
বিদ্যমান গঙ্গা পানি বণ্টন চুক্তির আওতায় ১৯৯৭ থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রতি বছর শুষ্ক মৌসুমে, অর্থাৎ জানুয়ারি থেকে মে মাসে, ফারাক্কায় প্রাপ্ত পদ্মার পানি বাংলাদেশ ও ভারত ভাগাভাগি করে আসছে।
চুক্তির ১ নম্বর তফসিলে বর্ণিত ফর্মুলা অনুযায়ী, ফারাক্কা পয়েন্টে পানির প্রবাহ ৭৫ হাজার কিউসেক বা তার বেশি হলে ভারত পাবে ৪০ হাজার কিউসেক এবং বাংলাদেশ পাবে অবশিষ্ট পানি।
পানির প্রবাহ ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ পাবে ৩৫ হাজার কিউসেক এবং ভারত পাবে অবশিষ্ট অংশ।
অন্যদিকে, ফারাক্কা পয়েন্টে পানির প্রবাহ ৭০ হাজার কিউসেকের কম হলে তা বাংলাদেশ ও ভারতের মধ্যে সমানভাবে বণ্টন করা হবে।

