শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির ‘নীল নকশা’ সরকার ভণ্ডুল করেছে বলে দাবি সালাহউদ্দিন আহমদের; গত বছরের তুলনায় এবার প্রায় ৩০০ হত্যাকাণ্ড কমেছে বলেও জানান তিনি
রাতের অন্ধকারে পরিত্যক্ত বাসে আগুন দেওয়া কিংবা দু-একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিচ্ছিন্ন কিছু ঘটনাকে একত্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ—এমন চিত্র তুলে ধরা যৌক্তিক নয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেওয়া বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।
শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টির নীল নকশা ভণ্ডুলের দাবি
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধান রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প খাতে অস্থিরতা, অস্থিতিশীলতা ও অরাজকতা তৈরির জন্য একটি নীল নকশা করা হয়েছিল। এ উদ্দেশ্যে দেশের ভেতরে ও বাইরে থেকে বিপুল বিনিয়োগ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে সরকার সফলভাবে এ প্রচেষ্টা ভণ্ডুল করেছে বলে জানান সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। শিল্প মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠকও করা হয়েছে।
শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিতের আশ্বাস
জাতীয় সংসদ থেকে বিনিয়োগকারী ও আন্তর্জাতিক ক্রেতাদের আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে শিল্পবান্ধব পরিবেশ শতভাগ নিশ্চিত করা হবে। শিল্প খাতে কোনো ধরনের অস্থিরতা তৈরির চেষ্টা করা হলে সরকার কঠোর হাতে তা দমন করবে।
তিনি বলেন, দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান খাত হিসেবে শিল্পের স্থিতিশীলতা বজায় রাখা সরকারের অগ্রাধিকার।
সারা দেশে সাতটি ককটেল বিস্ফোরণের তথ্য
দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সারা দেশে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকজনকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে একটি গাড়িতে ককটেল বিস্ফোরণের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, রাতের অন্ধকারে একটি গাড়ির ছাদে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেই দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে—এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না।
তিনি বলেন, একইভাবে রাতে বা ভোরে চালক ও সহকারীহীন পরিত্যক্ত কোনো বাস কিংবা গাড়িতে আগুন দেওয়ার বিচ্ছিন্ন ঘটনাও দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলে না।
এ ধরনের এক-দুটি প্রতীকী ঘটনাকে একত্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ‘ভয়াবহ’ হিসেবে উপস্থাপন করা যৌক্তিক নয় বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সংবাদমাধ্যমের প্রতিবেদন নিয়ে সমালোচনা
সংবাদমাধ্যমে প্রকাশিত ‘আইনশৃঙ্খলার অবনতি ঠেকানোই যাচ্ছে না’ শীর্ষক সংবাদের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বা অবনতি একটি আপেক্ষিক বিষয়। আগের বছরের একই সময়ের তুলনায় বর্তমান পরিস্থিতির পরিসংখ্যান বিবেচনা করেই এ বিষয়ে মূল্যায়ন করা উচিত।
তিনি অভিযোগ করেন, আগের বছরের তুলনায় এবার পরিস্থিতির উন্নতি হয়েছে, নাকি অবনতি—সে বিষয়ে সংবাদমাধ্যমগুলো উদ্দেশ্যমূলকভাবে পরিসংখ্যান এড়িয়ে যাচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, গত বছরের একই সময়ের তুলনায় এবার দেশে প্রায় ৩০০টি হত্যাকাণ্ড কম ঘটেছে।
ষড়যন্ত্রের নীল নকশা প্রকাশের হুঁশিয়ারি
বক্তব্যের শেষদিকে দেশবাসীকে আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের ভেতরে, সীমান্তের বাইরে কিংবা সম্মিলিতভাবে কোনো পক্ষ ষড়যন্ত্র করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে তা সফল হতে দেওয়া হবে না।
তিনি বলেন, “কারো যেকোনো রকমের ষড়যন্ত্র, দেশের অভ্যন্তরে হোক বা সীমান্তের বাইরে হোক বা সম্মিলিত হোক, কোনো ষড়যন্ত্র, কোনো নীল নকশা এখানে বাস্তবায়ন হবে না।”
কারা কার সঙ্গে ষড়যন্ত্র করছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশেরও ইঙ্গিত দেন তিনি। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, “একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাগজ দিয়ে দেখিয়ে দেবো।”

