মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

আগারগাঁওয়ে নতুন সচিবালয় নির্মাণে ৪ হাজার কোটি টাকার পরিকল্পনা

৩১.৫৮ একর জমিতে ১৪টি ভবন নির্মাণের পরিকল্পনা, ২০২৯ সালের জুনে কাজ শেষ করার লক্ষ্য; স্থান নির্বাচন নিয়ে আপত্তি নগর পরিকল্পনাবিদদের

আগারগাঁওয়ে প্রায় ৪ হাজার কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে আধুনিক সচিবালয় কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। এ জন্য শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে গাজীপুরের সালনায় স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। মূলত ১৯৬৫ সালে গৃহীত একটি পরিকল্পনার ভিত্তিতেই নতুন করে সচিবালয় স্থানান্তরের উদ্যোগ বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার।

গাজীপুরের সালনায় বিশ্ববিদ্যালয়ের জন্য ইতোমধ্যে জমি বরাদ্দ দেওয়া হলেও কর্তৃপক্ষ এখনো স্থানান্তরের উদ্যোগ নেয়নি। অন্যদিকে, পুরোনো বাণিজ্য মেলার মাঠে নতুন সচিবালয় নির্মাণে প্রায় ৪ হাজার কোটি টাকার প্রকল্প প্রস্তাব তৈরির কাজ শুরু করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। ২০২৯ সালের জুনের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নতুন পরিকল্পনায় মন্ত্রিসভা ইতোমধ্যে নীতিগত অনুমোদন দিয়েছে। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে প্রস্তাবিত স্থানে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়েও আলোচনা হয়েছে। তবে প্রকল্পের ব্যয়সহ চূড়ান্ত প্রস্তাব এখনো অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

৪ হাজার কোটি টাকার মধ্যে ব্যয় রাখার নির্দেশ

গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গত ১৮ অক্টোবর মন্ত্রিসভা আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের নীতিগত অনুমোদন দেওয়ার পর প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন নিয়ে বৈঠক করে মন্ত্রণালয়। সেখানে প্রাথমিকভাবে প্রকল্পের ব্যয় ৪ হাজার ২০০ কোটি টাকা প্রাক্কলনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

তবে গণপূর্তমন্ত্রী প্রকল্পের ব্যয় ৪ হাজার কোটি টাকার মধ্যে সীমিত রাখার নির্দেশনা দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে সংশোধিত ডিপিপি তৈরির কাজ শুরু হয়েছে।

সচিবালয় স্থানান্তর হলে রাজধানীর অন্যান্য সরকারি ভবনের ব্যবহারেও পরিবর্তন আসবে। সদরঘাট এলাকা থেকে জজ কোর্ট সরিয়ে বর্তমান সচিবালয়ের আব্দুল গণি রোডের ভবনগুলোতে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া কয়েকটি কর অঞ্চল ও বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তরও বর্তমান সচিবালয়ের ভবনগুলোতে জায়গা পাবে।

একই সঙ্গে আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের পাশাপাশি লুই আই কান নকশা করা জাতীয় সংসদ ভবনকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগও রয়েছে সরকারের।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সরানোর পরিকল্পনা

স্থাপত্য অধিদপ্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাম্প্রতিক সময়ে অনুমতি ছাড়া একটি জায়গা ধান গবেষণার মাঠ হিসেবে ব্যবহারের জন্য সাইনবোর্ড ও দড়ি দিয়ে দখল করেছেন। অধিদপ্তরের ভাষ্য, সরকারি জমি এভাবে বিনা অনুমতিতে দখল করার এখতিয়ার কোনো প্রতিষ্ঠানের নেই।

প্রতিবেদনে আরও বলা হয়, শেরেবাংলা নগর প্রশাসনিক এলাকার জমির ব্যবহার বিবেচনায় কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার জন্য ওই জমি অপ্রতুল। তাই গাজীপুরের সালনায় বরাদ্দ করা জমিতে বিশ্ববিদ্যালয় স্থানান্তর এবং বর্তমান জমিতে লুই আই কানের মূল নকশা অনুযায়ী প্রশাসনিক ও নাগরিক কেন্দ্র নির্মাণ অধিকতর উপযোগী ও যৌক্তিক।

স্থাপত্য অধিদপ্তরের মতে, জোনাল পরিকল্পনা অক্ষুণ্ন রেখে বিশ্ববিদ্যালয়টি সরিয়ে নেওয়া এবং সচিবালয়ের জন্য নির্ধারিত জমি সংরক্ষণ করা জরুরি। অন্যথায় প্রশাসনিক এলাকার নিরাপত্তা ও ভূমি ব্যবহারের পরিকল্পনা অনুযায়ী নগরায়ণ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

৩১.৫৮ একর জমিতে ১৪টি আধুনিক ভবন

প্রস্তাবিত সচিবালয় কমপ্লেক্সটি পুরোনো বাণিজ্য মেলার মাঠের প্রায় ৩১ দশমিক ৫৮ একর জমিতে নির্মাণ করা হবে। এতে মোট ৩৩ দশমিক ১৬ লাখ বর্গফুট অফিস স্পেস থাকবে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের চূড়ান্ত করা স্থাপত্য নকশা অনুযায়ী, কমপ্লেক্সে ১২ তলাবিশিষ্ট ১৪টি পৃথক প্রশাসনিক ভবন থাকবে। ভবনগুলো নির্মিত হবে তিনটি বড় ভূগর্ভস্থ বেসমেন্টের ওপর।

বেসমেন্টগুলোতে ২০০টি ভূ-উপরিস্থ পার্কিংসহ মোট ৩ হাজার ৮০০টি গাড়ি রাখার ব্যবস্থা থাকবে। এ ছাড়া কমপ্লেক্সে মসজিদ, ৩৫০ জন ধারণক্ষমতার দুটি বহুমুখী হল, ক্যাফেটেরিয়া ও ডাকঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্প এলাকার প্রায় ৩০ শতাংশ জায়গা সবুজায়ন ও জলাধারের জন্য রাখা হবে।

গত ১৮ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে স্থাপত্য অধিদপ্তরের তৈরি তিনটি নকশা পর্যালোচনা করে স্থানান্তর প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। এর আগে ৭ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নকশাগুলো উপস্থাপন করা হয়েছিল। তিনি একটি নকশা নির্বাচন করে কিছু পর্যবেক্ষণসহ পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়ার নির্দেশনা দেন।

মন্ত্রিসভা প্রস্তাবিত নকশায় বিভিন্ন মানের ক্যাফেটেরিয়া, হেলথ ক্লাব, ডে-কেয়ার সেন্টার, জরুরি স্বাস্থ্যসেবার অবকাঠামো, পার্কিং, পর্যাপ্ত লিফট ও সিঁড়ি এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে।

এ ছাড়া আগারগাঁওয়ে যানজট এড়াতে সংযোগসড়ক প্রশস্ত করা ও প্রয়োজনীয় আন্ডারপাস নির্মাণের বিষয়টি নকশায় যুক্ত করার পক্ষে মত দিয়েছে মন্ত্রিসভা। পাশের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সঙ্গে সচিবালয় কমপ্লেক্সকে আন্ডারপাস বা অন্য কোনো সুবিধাজনক উপায়ে যুক্ত করার পরামর্শও দেওয়া হয়েছে। পাশাপাশি সচিবালয়ের সম্মেলন কক্ষ বা গুরুত্বপূর্ণ স্থান থেকে জাতীয় সংসদ ভবন দেখা যায়, তা নিশ্চিত করতে বলা হয়েছে।

২১ তলা ভবনের পরিকল্পনা বাতিলের পর নতুন উদ্যোগ

বর্তমান সচিবালয় ১৭ দশমিক ৫৭ একর জমির ওপর নির্মিত। সেখানে মোট ১৩টি ভবন রয়েছে, যার মধ্যে আটটি স্বাধীনতার আগে নির্মিত। পুরোনো ১, ২, ৩ ও ৮ নম্বর ভবন ১৯৩৭ থেকে ১৯৩৯ সালের মধ্যে এবং ৫ নম্বর ভবন ১৯৪৭ সালে নির্মিত হয়। ফলে এসব ভবন ভূমিকম্প সহনীয় করে নির্মাণ করা হয়নি। ১৯৮০ সাল থেকে সেখানে আরও তিনটি ২০ তলা ভবন নির্মাণ করা হয়েছে।

গণপূর্ত মন্ত্রণালয়ের হিসাবে, বর্তমান সচিবালয়ে অফিসের জায়গা প্রায় ১৮ দশমিক ৭৬ লাখ বর্গফুট। বিভিন্ন মন্ত্রণালয়ের আরও প্রায় ১০ লাখ বর্গফুট অফিস স্পেসের চাহিদা রয়েছে।

বিদ্যমান সচিবালয় প্রাঙ্গণে নতুন ২১ তলা টাওয়ার নির্মাণের প্রস্তাব সরকার বাতিল করার পর নতুন জায়গায় স্থানান্তরের উদ্যোগ গতি পায়। এর আগে সচিবালয়ের ১ নম্বর ভবন ভেঙে ৬৪৯ কোটি টাকা ব্যয়ে ২১ তলা ভবন নির্মাণের একটি প্রকল্প প্রস্তাব গত ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় অনুমোদনের জন্য উত্থাপন করে গণপূর্ত মন্ত্রণালয়।

তবে সভায় প্রস্তাবটি আলোচনায় এলে আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের পুরোনো পরিকল্পনাটি সামনে আসে। পরে প্রকল্পটি বাতিল করে একনেক সভায় পূর্ণাঙ্গ স্থানান্তরের জন্য প্রয়োজনীয় জমির পরিমাণ, ভবনের সংখ্যা, সময় ও ব্যয়ের হিসাব এবং ভবিষ্যতে যানবাহনের সংখ্যা বৃদ্ধির সম্ভাব্য প্রভাব বিবেচনায় নিয়ে সিমুলেশনসহ পূর্ণাঙ্গ প্রস্তাব তৈরির সিদ্ধান্ত হয়।

১৯৬৫ সালের পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ

১৯৬৫ সালে আইয়ুব খানের সরকারের সময় শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের নির্মাণকাজ শুরুর পর্যায়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে তৎকালীন পূর্ব পাকিস্তান সচিবালয় নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তী পরিস্থিতিতে ১৯৮২ সালে জাতীয় সংসদ ভবনের নির্মাণকাজ শেষ হলেও সচিবালয় স্থানান্তরের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনার অংশ হিসেবে বাণিজ্য মেলা পূর্বাচলে আয়োজন শুরু হয়। তবে ওই সরকারের সময়ে সচিবালয় স্থানান্তরে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

অন্তর্বর্তীকালীন সরকারের সময় পুরোনো বাণিজ্য মেলার মাঠের ২৯ দশমিক ৭৯ একর জমিতে উন্মুক্ত পার্ক নির্মাণের জন্য ৮২ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয় গণপূর্ত মন্ত্রণালয়। তবে সরকারের সর্বশেষ সিদ্ধান্তে পার্ক নির্মাণের পরিকল্পনা বাতিল করে সেখানে আধুনিক সচিবালয় কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আগারগাঁওয়ে সচিবালয় নির্মাণ নিয়ে বিশেষজ্ঞদের আপত্তি

সচিবালয়ের জন্য আগারগাঁওকে বেছে নেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করছেন নগর পরিকল্পনাবিদরা। তাঁদের মতে, এলাকাটিতে আগে থেকেই যানজট ও ঘনবসতির চাপ রয়েছে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ উন্মুক্ত জায়গায় বড় অবকাঠামো নির্মাণের ফলে পরিবেশ ও নগর পরিকল্পনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক ও নগর পরিকল্পনাবিদ ড. আদিল মোহাম্মদ খান টিবিএসকে বলেন, বর্তমান আব্দুল গণি রোডের সচিবালয় মেট্রোরেল সংযোগের কারণে যাতায়াতের জন্য সুবিধাজনক। সাধারণ নাগরিকদের জন্যও সেখানে পৌঁছানো তুলনামূলক সহজ।

অন্যদিকে আগারগাঁও এলাকায় ইতোমধ্যে ঘনবসতি ও যানজটের চাপ রয়েছে। ঢাকায় উন্মুক্ত জায়গার সংকটের মধ্যে সেখানে বড় কংক্রিটের অবকাঠামো নির্মাণ পরিবেশগত ও পরিকল্পনাগত ক্ষতি ডেকে আনতে পারে বলে মনে করেন তিনি।

ড. আদিলের মতে, প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে সচিবালয় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হলে আগারগাঁওয়ের চেয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্প বেশি বাস্তবসম্মত ও যুক্তিযুক্ত বিকল্প হতে পারত।

সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার টিবিএসকে বলেন, নতুন করে জমি অধিগ্রহণ বা সরকারি ভবন নির্মাণের আগে বিদ্যমান সরকারি অবকাঠামো ও ভবনগুলো পূর্ণ সক্ষমতায় ব্যবহৃত হচ্ছে কি না, তা খতিয়ে দেখা উচিত।

তাঁর ভাষ্য, ইতোমধ্যে বেশ কিছু মন্ত্রণালয় ও অধিদপ্তর সচিবালয়ের মূল সীমানার বাইরে কার্যক্রম পরিচালনা করছে। ফলে বিদ্যমান সরকারি ভবনগুলোতেই বিভিন্ন দপ্তরকে নতুন করে সমন্বয়ের সুযোগ রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন