বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সংশোধিত বাজেটে বাড়তি বরাদ্দ নয়, ব্যয়ে কড়াকড়ি

ভবন ও যানবাহন কেনা, বিদেশে প্রশিক্ষণ-সেমিনারে বিধিনিষেধ; প্রাক্কলন জমার শেষ সময় ২৬ নভেম্বর

চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সংশোধনের সময় মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে মূল বাজেটের নির্ধারিত ব্যয়সীমার মধ্যে থাকার নির্দেশনা দিয়েছে অর্থ বিভাগ। নতুন আবাসিক ও অনাবাসিক ভবন নির্মাণ, যানবাহন কেনা এবং বিদেশে প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত বরাদ্দ চাওয়ার সুযোগও রাখা হয়নি।

চলতি অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নে সোমবার অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ-১ ‘বাজেট পরিপত্রের’ মাধ্যমে এ নির্দেশনা জারি করে। এতে প্রাক্কলন জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর। সে হিসাবে মন্ত্রণালয় ও সংস্থাগুলো সময় পাচ্ছে ১৭ দিন।

মূল বাজেটের ব্যয়সীমার মধ্যেই থাকতে হবে

বাজেট পরিপত্রে বলা হয়েছে, সংশোধিত প্রাক্কলন মূল বাজেটে দেখানো মোট ব্যয়সীমার (পরিচালন ও উন্নয়ন) মধ্যে সংকুলান করতে হবে। কোনোভাবেই অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না।

উন্নয়ন বাজেট থেকে পরিচালন খাতে ব্যয় করা যাবে না। অর্থাৎ মূল উন্নয়ন বাজেটের কোনো অর্থ অব্যয়িত থাকার সম্ভাবনা থাকলেও তা পরিচালন বাজেটে নেওয়া যাবে না।

ভবন ও যানবাহন কেনায় বিধিনিষেধ

পরিচালন বাজেটের আওতায় নতুন আবাসিক, অনাবাসিক ও অন্যান্য ভবন নির্মাণ বন্ধ রাখা হয়েছে। তবে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়ের স্থাপনা এবং ৭০ শতাংশ সম্পন্ন চলমান কাজ এ বিধিনিষেধের বাইরে থাকবে।

মোটরযান, জলযান ও আকাশযান কেনার জন্য বরাদ্দ বন্ধ থাকবে। সীমিত ব্যতিক্রম হিসেবে জিপ বা কার কেনা হলে তা পুরোপুরি ইলেকট্রিক ভেহিকল (এফইভি) হতে হবে।

এ ছাড়া পরিচালন বাজেটে ভূমি অধিগ্রহণের জন্য বরাদ্দ রাখা হয়নি। সরকারি কর্মচারীদের গাড়ি কেনার জন্য সুদমুক্ত বিশেষ অগ্রিমের বরাদ্দও থাকবে না।

বিদেশে প্রশিক্ষণ ও সেমিনারে কড়াকড়ি

সরকারি অর্থে সব ধরনের বিদেশি প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশগ্রহণ বন্ধ রাখতে বলা হয়েছে। তবে ‘অত্যাবশ্যকীয়’ ক্ষেত্রে সীমিত ব্যতিক্রম রাখার কথা জানিয়েছে অর্থ বিভাগ।

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গত ১১ জুন সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। পরে তা পাস হয়। বাজেটের এ আকার ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১৯ শতাংশ বেশি।

২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। পরে সংশোধন করে তা ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়।

ব্যয় কমাতে আগের নির্দেশনাও বহাল

২০২৬-২৭ অর্থবছরে সরকারি ব্যয় কমাতে অর্থ বিভাগ গত ৮ জুলাই ও ২১ সেপ্টেম্বর যে দুটি পরিপত্র জারি করেছিল, সংশোধিত বাজেটের প্রাক্কলনেও সেগুলো অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ নির্দেশনা মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা, পাবলিক সেক্টর করপোরেশন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির ওপর প্রযোজ্য। আগের নির্দেশনাগুলোতেও নতুন ভবন নির্মাণ, গাড়ি কেনাসহ বিভিন্ন খাতে ব্যয় সাশ্রয়ের তাগিদ দেওয়া হয়েছিল।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন