মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বেড়িবাঁধ ভাঙে, ঘর হারায় মানুষ; উপকূলের কান্না পৌঁছাবে কপের মঞ্চে?

নদীভাঙন, জলোচ্ছ্বাস ও বিধ্বস্ত বেড়িবাঁধে উপকূলে বাড়ছে বাস্তুচ্যুতি; জলবায়ু তহবিলের সুফল পাওয়া নিয়ে অনিশ্চয়তা

নদী কেড়ে নিয়েছে ঘরবাড়ি, ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি কেড়ে নিচ্ছে শেষ সম্বলটুকুও। কেউ আশ্রয় নিয়েছেন লঞ্চঘাটে, কেউ ফুটপাতে; আবার কেউ প্রতিদিন কাটাচ্ছেন নতুন করে ঘর হারানোর আতঙ্কে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে জীবন বদলে যাওয়া বাংলাদেশের উপকূলের এমন লাখো মানুষের ক্ষয়ক্ষতি ও দুর্দশার কথা এবার তুলে ধরা হবে তুরস্কের আনতালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১)।

তবে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিশ্রুত অর্থায়নের আলোচনা বাস্তুচ্যুত এসব মানুষের জীবনে কতটা পরিবর্তন আনবে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। জলবায়ু পরিবর্তনে তীব্র ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশের উপকূলীয় মানুষের দুর্দশা এবারের সম্মেলনে কতটা গুরুত্ব পাবে, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ধাক্কায় শুধু বাংলাদেশেই প্রায় ৫০ লাখ মানুষ অভ্যন্তরীণ বাস্তুচ্যুত হয়েছেন।

নদীভাঙনে ঘর হারিয়ে লঞ্চঘাটে পেয়ারা বেগম

এমন বাস্তুচ্যুত মানুষের একজন ষাটোর্ধ্ব পেয়ারা বেগম। নদীভাঙনে মেহেন্দিগঞ্জের পাতারহাট গ্রামে বাড়িঘর ও জমিজমা হারিয়ে তাঁর আশ্রয় হয়েছিল বরিশালের নৌবন্দর এলাকায়। চার মেয়ে ও নাতিদের নিয়ে সেখানে থাকছিলেন তিনি। সম্প্রতি সেই অস্থায়ী আশ্রয়ও হারিয়েছেন। এখন লঞ্চঘাটসংলগ্ন পাইকারি কাঁচাবাজার এলাকায় সবজি কুড়িয়ে এবং মেয়েদের আয়ে কোনোমতে চলছে তাঁদের সংসার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পেয়ারা বেগম বলেন, “নদীতে বাড়িঘর ভাইঙ্গা নেছে। কই থাকমু। তাই আইয়া লঞ্চঘাটে থাহা শুরু করছি। এহন হেইআনেও থাকতে দেয় না। নতুন লঞ্চঘাটে এহন থাহি।”

পেয়ারা বেগমের মতো তিন সন্তানকে নিয়ে দুই বছর ধরে লঞ্চঘাট এলাকায় বাস করছেন শিরীন ও মোতালেব দম্পতি। বাপ-দাদার ভিটে হারিয়ে স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পটুয়াখালীর কালাইয়া এলাকার বাসিন্দা মোতালেব এখন বরিশালের লঞ্চঘাটের একটি ঘুপচি ঘরে থাকেন। নিজেদের কোনো বাড়ি বা জমি না থাকায় লঞ্চঘাট ও ফুটপাতেই কাটছে তাঁদের দিন।

বেড়িবাঁধ ভাঙলে ঘরবাড়ি ভাসিয়ে নেয় জোয়ার

বরগুনা সদরের পাতাকাটা এলাকার জগদীশ চন্দ্র মিস্ত্রি স্বাধীনতার আগে থেকেই এ এলাকায় বাস করছেন। ৭০ বছর বয়সী এই ব্যক্তি দেখেছেন বহু ঘূর্ণিঝড় ও বন্যা। এর মধ্যে রয়েছে সিডরের মতো প্রলয়ংকরী ঝড়। ওই সময় ঘণ্টায় ২৬০ কিলোমিটার বেগে বাতাসের সঙ্গে স্বাভাবিক জোয়ারের চেয়ে ১০ থেকে ১২ ফুট উঁচু পানির ঢেউ আঘাত হানে বরগুনায়।

পানির চাপে পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর পাড়ের বেড়িবাঁধ ভেঙে ভাসিয়ে নিয়ে যায় ৬৮ হাজার ৩৭৯টি ঘরবাড়ি। পানিতে তলিয়ে নষ্ট হয় ৩৭ হাজার ৬৪ একর জমির ফসল। প্রাণ হারান জেলার ১ হাজার ৪৩৫ জন মানুষ।

এখনো প্রায় প্রতি মাসেই বড় ধরনের জোয়ারের পানি ঢুকে ভাসিয়ে নিয়ে যায় আসবাবপত্র, খাদ্যসামগ্রীসহ ঘরের সবকিছু। নদীপাড়ের কিলোমিটারের পর কিলোমিটার বেড়িবাঁধ এখনো বিধ্বস্ত অবস্থায় থাকায় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। স্থানীয়দের দাবি, স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ।

একই এলাকার কেষ্ট চন্দ্র হাওলাদারের (৪৮) প্রতিটি দিন কাটে আতঙ্কে। জোয়ারের পানি এসে ঘরের আসবাবপত্র, এমনকি রান্নার হাঁড়িটিও ভাসিয়ে নিয়ে যাবে—এমন আশঙ্কা তাঁকে তাড়া করে ফেরে। সিডর, আইলা ও মহাসেনের মতো ঘূর্ণিঝড়ের সাক্ষী এই মানুষের একটাই দাবি—নদীপাড়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, যাতে পরিবার নিয়ে জীবনের বাকি দিনগুলো নিরাপদে কাটাতে পারেন।

বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রণজিৎ কুমার সরকার বলেন, বরিশাল নগরীর চারটি বস্তি এলাকায় বসবাসকারীদের ২০ শতাংশ নদীভাঙনের শিকার হয়ে সেখানে এসেছেন। নদীভাঙনসহ প্রাকৃতিক দুর্যোগে ভিটেবাড়ি হারানো মানুষের জন্য বিভিন্ন সময়ে ঘর করে দেওয়া হয়েছে। তবে প্রকৃত উপকারভোগীদের অনেকেই বঞ্চিত হয়েছেন।

বাস্তুহারা মানুষের জন্য নতুন সরকারের কিছু পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে কী করা হবে, সে সম্পর্কে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি।

কেন বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলীয় জনপদ। বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক এলাকাও এর মধ্যে রয়েছে।

প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি লবণাক্ততার বিস্তার মানুষের বসতি ও জীবিকাকে হুমকির মুখে ফেলছে। নদীভাঙনে হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ভেঙে পড়ছে বসতভিটা। ফলে পেয়ারা বেগমদের মতো অনেক মানুষ নিজেদের এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন।

বরিশাল, বরগুনা, পটুয়াখালী, সাতক্ষীরা ও বাগেরহাটের মতো উপকূলীয় জেলাগুলোতে প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে। অনেকে হারাচ্ছেন জীবিকার উৎস ও বসবাসের শেষ আশ্রয়টুকুও। নতুন করে ঘর বাঁধার সামর্থ্য না থাকায় কেউ শহরের বস্তিতে, কেউ লঞ্চঘাটে কিংবা ফুটপাতে আশ্রয় নিচ্ছেন। এতে শুধু তাঁদের বসতভিটাই হারাচ্ছে না, অনিশ্চিত হয়ে পড়ছে পরবর্তী প্রজন্মের জীবনও।

জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ মালিক ফিদা এ খান বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ার পেছনে দুটি কারণের কথা বলেছেন।

তিনি বলেন, “দেশের উপকূলীয় অঞ্চল থেকে দুর্যোগ ও লবণাক্ততার কারণে ‘পুশ ফ্যাক্টর’ এবং কর্মসংস্থানের খোঁজে ‘পুল ফ্যাক্টর’-এর প্রভাবে মানুষ শহরের দিকে বাস্তুচ্যুত হচ্ছে।”

কপে প্রতিশ্রুত অর্থায়ন, উপকূলে পৌঁছাবে কি?

বাংলাদেশ থেকে প্রায় ৫ হাজার ৮০০ কিলোমিটার দূরে বসছে এবারের কপ-৩১ সম্মেলন। বিশ্ব জলবায়ু সম্মেলনের মঞ্চে উপকূলীয় মানুষের ক্ষয়ক্ষতি ও দুর্দশার কথা কতটা এবং কীভাবে পৌঁছাবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের লাখো মানুষের দুর্দশার কথা এককভাবে তুলে ধরা সম্ভব না হলেও সমন্বিতভাবে ক্ষয়ক্ষতির চিত্র উপস্থাপনের চেষ্টা থাকে সরকারের।

জলবায়ু পরিবর্তন, পানিসম্পদ ব্যবস্থাপনা ও পরিবেশ নিয়ে কাজ করা মালিক ফিদা এ খান বলেন, “তারপরও নিয়ম হচ্ছে—বিশ্ব ফোরামে আপনাকে জানাতে হবে যে আমাদের উপকূলীয় অঞ্চলে আজকে এই ক্ষতি হচ্ছে। আমাদের প্রায় এত এত লাখ লোক বাস্তুচ্যুত হচ্ছে। আমাদের উপকূল সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী এবং বাগেরহাট—এই অঞ্চলে জনসংখ্যা কমে যাচ্ছে।”

বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান অধ্যাপক আহমদ কামরুজ্জমান মজুমদার বলেন, কপ সম্মেলনে মূলত দুটি ধারা পাশাপাশি চলে। একটি আনুষ্ঠানিক দর-কষাকষি, যেখানে সব দেশের ঐকমত্যে সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যটি সভাপতির ‘অ্যাকশন এজেন্ডা’, যেখানে স্বেচ্ছামূলক লক্ষ্য ও উদ্যোগ ঘোষণা করা হয়। তবে এসব উদ্যোগ কোনো দেশের ওপর নতুন বাধ্যবাধকতা তৈরি করে না।

তিনি বলেন, “বাংলাদেশের মূল প্রশ্নগুলো প্রথম ধারার। প্রতিশ্রুত অর্থ কবে আসবে, কোন রূপে আসবে, আর উপকূলের ঘরহারা মানুষটির কাছে তা পৌঁছাবে কি না। ‘বাস্তবায়নের কপ’ এ কতগুলো নতুন ঘোষণা এল, তা দিয়ে নয়। উপকূলের একটি পরিবার নিরাপদ ঘর পেল কি না, আর প্রতিশ্রুত অর্থ ঋণের কিস্তি হয়ে ফিরে এল কি না, বিচার হবে তা দিয়ে। বাংলাদেশ করুণা চাইছে না। চাইছে তার প্রাপ্য।”

জলবায়ু কূটনীতি ও তহবিল ছাড়ের অনিশ্চয়তা

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আহমদ কামরুজ্জমান বলেন, বাংলাদেশে কার্বন নিঃসরণের হার নগণ্য হলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ২০৫০ সাল নাগাদ ২৩০ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। মিটিগেশন ফান্ডের জন্য বাংলাদেশ ১৩৭ বিলিয়ন ডলার চেয়েও তা পায়নি। বর্তমানে কপে ‘লস অ্যান্ড ড্যামেজ’ ফান্ডের বিষয়টি মুখ্য হয়ে উঠেছে।

তিনি বলেন, “বাংলাদেশ সরকার লস অ্যান্ড ড্যামেজের একটি ফ্রেমওয়ার্ক তৈরির প্রায় শেষ পর্যায়ে রয়েছে। অভিযোজন হলো ভবিষ্যতের ক্ষতি মোকাবেলার প্রস্তুতি, আর লস অ্যান্ড ড্যামেজ হলো যে ক্ষতি ইতিমধ্যেই হয়ে গেছে, তার ক্ষতিপূরণ দাবি করা।”

মালিক ফিদা এ খান বলেন, আগে অঙ্গীকার করা হয়েছিল, উন্নত দেশগুলো ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশগুলোকে প্রতিবছর ১০০ বিলিয়ন ডলার অভিযোজন তহবিল দেবে। কপে ১৯২টি দেশের সর্বসম্মত ঐকমত্যে পৌঁছানো কঠিন। এ ছাড়া তহবিল ছাড়ে উন্নত দেশগুলোর কোনো আইনি বাধ্যবাধকতা না থাকায় সিদ্ধান্ত বাস্তবায়িত হয় না।

তিনি বলেন, “বর্তমানে কপ সম্মেলনগুলো মূলত ‘জলবায়ু কূটনীতিতে’ পরিণত হয়েছে। কপের আয়োজক দেশগুলো (যেমন—আজারবাইজান, তুরস্ক, অস্ট্রেলিয়া) নিজেরাই প্রধান কার্বন ও তেল নিঃসরণকারী দেশ হওয়ায় এই সম্মেলনগুলো থেকে কাঙ্ক্ষিত সুফল পাওয়া নিয়ে প্রশ্ন থেকে যায়।”

মালিক ফিদা এ খানের মতে, আগে উন্নত দেশগুলো বলত, বাংলাদেশের ক্ষয়ক্ষতি বা অভিযোজন তহবিলের সুনির্দিষ্ট নথিপত্র নেই। পরে আইপিসিসি ও ইউএনএফসিসিসির মানদণ্ড অনুসরণ করে বাংলাদেশ সরকার ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যান তৈরি করে।

লস অ্যান্ড ড্যামেজ ফান্ডের বোর্ড ফিলিপাইনে করা হলেও আন্তর্জাতিক মানসম্পন্ন অ্যাসেসমেন্টের জটিলতার অজুহাতে উন্নত দেশগুলো ইচ্ছাকৃতভাবে তহবিল প্রক্রিয়া বিলম্বিত করে বলে মনে করেন এই পানিসম্পদ বিশেষজ্ঞ।

কপে বাংলাদেশের অবস্থান তুলে ধরবে সরকার

পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের বার্ষিক অর্থনৈতিক ক্ষতি আনুমানিক ১৫ দশমিক ২ বিলিয়ন ডলার। এই ক্ষয়ক্ষতি মোকাবেলায় বরাদ্দ বাড়ানোর দাবি জানানো হবে। কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য তহবিলের পরিমাণ বাড়ানোর বিষয়েও আলোচনা করবে বাংলাদেশ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, কপ সম্মেলনে বাংলাদেশের ভূমিকা ও দর-কষাকষি আরও জোরালো করতে সমন্বয় বাড়াতে হবে।

তিনি বলেন, “আমরা যখন বৈশ্বিক আলোচনার টেবিলে বসব, বিশ্বনেতা ও অংশীজনদের সঙ্গে কথা বলব, তখন বাংলাদেশের সরকার, বেসরকারি খাত, বিশেষজ্ঞ এবং অন্যান্য অংশীজনের একটি ঐক্যবদ্ধ অবস্থান থাকা প্রয়োজন।”

অধ্যাপক আহমদ কামরুজ্জমান বলেন, এমন প্রকল্প দরকার, যা আন্তর্জাতিক তহবিলের দরজায় গিয়ে প্রথম দফাতেই গ্রহণযোগ্য হয়। এ জন্য মন্ত্রণালয় থেকে সিটি করপোরেশন পর্যন্ত প্রকল্প তৈরির সক্ষমতা বাড়াতে হবে।

এই বিশেষজ্ঞের মতে, স্বল্পোন্নত দেশগুলোর জোট এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর ফোরামের (সিভিএফ) সঙ্গে সমন্বিত অবস্থান নিলে অর্থায়ন ও অভিযোজনের দাবি চূড়ান্ত সিদ্ধান্তে জায়গা পাওয়ার সম্ভাবনা বাড়বে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ১১ ও ১২ নভেম্বর বিশ্বনেতাদের এ সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. জি কে গউছ সম্মেলন থেকে ভালো কিছু পাওয়ার আশা করছেন। তিনি বলেন, “বর্তমান সরকার জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের জন্য বেশ কিছু নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে। আমরা তা বাস্তবায়ন করব।”


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন