আগামী দুই-তিন দিন হালকা বৃষ্টির আভাস, ডিসেম্বরের শেষভাগে বাড়তে পারে শীতের তীব্রতা
দেশে শুষ্ক আবহাওয়ার মধ্যেই বাড়ছে শীতের আমেজ। রাজধানী ঢাকায় নভেম্বরের তৃতীয় সপ্তাহে শীতের অনুভূতি বাড়তে পারে। এর আগে আগামী দুই থেকে তিন দিন ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ডিসেম্বরের শেষভাগে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বছরের শেষভাগে এসে প্রকৃতিতে শীতের আগমনী বার্তা স্পষ্ট হচ্ছে। রাজধানীর আশপাশসহ দেশের বিভিন্ন জেলায় এরই মধ্যে ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে ঢাকার তাপমাত্রা এখনো শীতের পূর্ণ আমেজের জন্য অনুকূল হয়ে ওঠেনি।
আগামী দুই-তিন দিন বৃষ্টির সম্ভাবনা
রাজধানী ঢাকায় এরই মধ্যে কিছুটা মেঘলা আবহাওয়া দেখা যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিন দেশের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান সময় সংবাদকে বলেন, “দুই থেকে তিন দিন বৃষ্টির আভাস রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে। এ বৃষ্টি ঢাকাসহ সারা দেশেই হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি শেষ এবং আকাশ মেঘমুক্ত হয়ে গেলে তাপমাত্রা কমে আসবে। সেক্ষেত্রে ঢাকাসহ সারা দেশেই শীতের তীব্রতা বাড়বে।”
নগরায়ণের কারণে ঢাকায় শীতের অনুভূতি কম
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উত্তরের বাতাস বইতে শুরু করলেও ঘনবসতি ও নগরায়ণের কারণে ঢাকায় শীতের আমেজ পেতে বাসিন্দাদের নভেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান বলেন, জলাভূমি ভরাট, গাছপালা ও বনভূমি উজাড় এবং কংক্রিটের নগরায়ণের ফলে ঢাকায় ‘হিট আইল্যান্ড’ তৈরি হয়েছে। এ কারণে আশপাশের এলাকার তুলনায় ঢাকা শহরে তাপমাত্রা বেশি থাকে।
ডিসেম্বরের শেষভাগে বাড়বে শীত
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ডিসেম্বরের শেষভাগ থেকে শীতের তীব্রতা বাড়তে পারে। সে সময় দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা আরও কমে শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা রয়েছে।

