রাজনৈতিক প্রতিপক্ষকে ক্ষমা করতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট | ‘আমি আমার কিছু শত্রুকে সত্যিই ঘৃণা করি’
রাজনৈতিক প্রতিপক্ষকে ক্ষমা করার চেয়ে নিজের অবস্থানে অটল থাকতেই বেশি পছন্দ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি স্বর্গে প্রবেশের বিনিময়েও দীর্ঘদিনের রাজনৈতিক শত্রুদের ক্ষমা করতে রাজি নন তিনি।
সিবিএস নিউজের জনপ্রিয় সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এই কঠোর অবস্থানের কথা অকপটে স্বীকার করেছেন ট্রাম্প। গত রোববার (৮ নভেম্বর) সাক্ষাৎকারটি সম্প্রচারিত হয়। মার্কিন গণমাধ্যমটির প্রতিবেদক রস ডাউথাট তার সাক্ষাৎকার নেন।
স্বর্গে যাওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
সাক্ষাৎকারে মৃত্যুর পর নিজের পরকাল নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমি একজন ধার্মিক মানুষ। তাই নীতিগতভাবে আমি স্বর্গে যাব বলেই মনে করি।’
কথোপকথনের একপর্যায়ে প্রতিবেদক তাকে ২০২৫ সালের সেপ্টেম্বরে ডানপন্থি রাজনৈতিক অ্যাক্টিভিস্ট চার্লি কার্কের হত্যাকাণ্ডের কথা স্মরণ করিয়ে দেন।
চার্লি কার্কের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তার স্ত্রী এরিকা কার্ক স্বামীর অভিযুক্ত খুনিকে ক্ষমা করে দিয়েছিলেন। তবে একই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেছিলেন, তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষকে তীব্র ঘৃণা করেন এবং তাদের শুভকামনা জানান না।
স্বর্গে যাওয়ার জন্য শত্রুদের ক্ষমা করবেন?
চার্লি কার্কের স্ত্রীর ক্ষমা করার প্রসঙ্গ টেনে প্রতিবেদক রস ডাউথাট ট্রাম্পকে প্রশ্ন করেন, ‘ধরুন আপনি মারা গেলেন এবং পরকালে স্বর্গে প্রবেশের জন্য কেবল একটি শর্ত—জেমস কোমি বা ন্যান্সি পেলোসির মতো যাদের আপনি দীর্ঘদিন ঘৃণা করেছেন, তাদের ক্ষমা করা। আপনি কি তা করতে পারবেন?’
জবাবে ট্রাম্প বলেন, এই প্রশ্নের সহজ উত্তর হতে পারত ‘হ্যাঁ, আমি ক্ষমা করতে পারি’। তবে নিজের সঙ্গে প্রতারণা করতে চান না উল্লেখ করে তিনি বলেন, ‘তারা অত্যন্ত অসৎ এবং খারাপ মানুষ। আমাদের দেশের জন্য তারা চরম ক্ষতিকর। এদের ভালোবাসার চেয়ে আমি আমার দেশকে অনেক বেশি ভালোবাসি।’
প্রতিবেদক পুনরায় স্পষ্ট জানতে চান, তাহলে পরকালে স্বর্গে যাওয়ার বিনিময়েও তার উত্তর কি ‘না’?
উত্তরে ট্রাম্প সরাসরি বলেন, ‘আমার উত্তর ‘না’। আমি সৎ থাকতে চাই। আমি আমার কিছু শত্রুকে সত্যি সত্যিই ঘৃণা করি। তারা কতটা ভয়াবহ ছিল তা দেখুন। আমাকে কী ধরনের বিচারিক ও রাজনৈতিক হয়রানির মধ্য দিয়ে যেতে হয়েছে।’
কেন ট্রাম্পের রাজনৈতিক শত্রু জেমস কোমি ও ন্যান্সি পেলোসি
ন্যান্সি পেলোসি হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার থাকাকালে ট্রাম্পের বিরুদ্ধে দুবার ইমপিচমেন্ট বা অভিশংসন প্রস্তাব গৃহীত হয়।
অন্যদিকে, সাবেক এফবিআই প্রধান জেমস কোমি ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের প্রচার শিবিরের সঙ্গে রাশিয়ার সম্ভাব্য আঁতাতের তদন্ত পরিচালনা করেছিলেন।
রাজনৈতিক প্রতিপক্ষকে ক্ষমা করার বিষয়ে ট্রাম্পের এই স্পষ্ট অবস্থান এবং স্বর্গে যাওয়ার শর্ত হিসেবেও তাদের ক্ষমা করতে অস্বীকৃতি জানানোর বক্তব্য বিশ্ব রাজনীতি ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

