সোমবার, ২ নভেম্বর ২০২৬

রাজধানীর পল্টনে সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত

বক্স কালভার্ট রোডে দুর্ঘটনা, গাড়ি জব্দ করে থানায় নিয়েছে পুলিশ; চালককে আটক করা যায়নি

রাজধানীর পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক প্রধান ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়ির ধাক্কায় সুলতান (৬০) নামের এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। ঘটনার সময় গাড়িটি ছিবগাত উল্লাহর ছেলে চালাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেলেও পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে পল্টনের বক্স কালভার্ট রোডে এ দুর্ঘটনা ঘটে। গাড়ির ধাক্কায় আহত রিকশাচালককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পথচারীরা চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠান।

দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত

দুর্ঘটনায় ছিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই গাড়িটি জব্দ করে পল্টন থানায় নিয়ে যায় পুলিশ। তবে গাড়ির চালককে আটক করা সম্ভব হয়নি।

পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রিকশাচালক

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) জানান, সাবেক এক অতিরিক্ত আইজিপির ব্যক্তিগত গাড়ির ধাক্কায় একজন রিকশাচালক আহত হয়েছেন। তিনি বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি আরও বলেন, গাড়িটি বর্তমানে পল্টন থানা হেফাজতে রয়েছে। গাড়িটি ছিবগাত উল্লাহর ছেলে চালাচ্ছিলেন বলে পুলিশও শুনেছে, তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন