শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফল জানার সুযোগ দেওয়া হয়।

গত বছরের তুলনায় কমেছে জিপিএ-৫

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। গত বছর এই সংখ্যা ছিল ৬৯ হাজার ৯৭। অর্থাৎ এক বছরের ব্যবধানে সর্বোচ্চ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩।

গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে হিসাবে এবার পাসের হারও কমেছে।

১১ বোর্ডে পরীক্ষার্থী ও পরীক্ষা আয়োজন

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে ছাত্র ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন।

সারা দেশে ২ হাজার ৬৯১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা শেষ হয় সেপ্টেম্বরে

গত ২ জুলাই এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো ৯ সেপ্টেম্বর শেষ হয়।

পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে

প্রকাশিত ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আগামী ১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে এ আবেদন করা যাবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্দেশনা অনুযায়ী, পুনর্নিরীক্ষণের আবেদনপ্রক্রিয়া ও প্রয়োজনীয় নিয়মাবলি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে।

অনলাইনে ফল জানবেন যেভাবে

শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে রোল ও নিবন্ধন নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবেন। ওয়েবসাইট দুটি হলো—
eduboardresults.gov.bd
educationboardresults.gov.bd

ফল দেখতে ওয়েবসাইটে প্রবেশ করে পরীক্ষার নাম, শিক্ষা বোর্ড ও পরীক্ষার বছর (২০২৬) নির্বাচন করতে হবে। এরপর রোল ও নিবন্ধন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে ফলাফল দেখা যাবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটের ‘Result’ বিভাগে গিয়ে নিজ নিজ বোর্ড নির্বাচন করে প্রতিষ্ঠানের শনাক্তকরণ নম্বর (ইআইআইএন) দিয়ে ফলাফলের শিট ডাউনলোড করতে পারবে। শিক্ষার্থীরা সরাসরিও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করতে পারবেন।

এসএমএসে যেভাবে ফল জানবেন

মুঠোফোন থেকে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে প্রথমে HSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখতে হবে। প্রতিটি তথ্যের মাঝে একটি করে স্পেস দিতে হবে।

উদাহরণ: HSC DHA 123456 2026 লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন