নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক অভিযানে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুই নারী ও একজন পুরুষ রয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ সিএনজি পাম্পের সামনে পুলিশের চেকপোস্টে দূরপাল্লার দুটি বাসে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ চেকপোস্ট পরিচালনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর নেতৃত্বে এবং সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে উপপরিদর্শক মোহাম্মদ সফি উদ্দিনসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় দুই নারী যাত্রী মোছা. ফাতেমা (৪৫) ও মোছা. খালেদাকে (৩৩) সন্দেহ হলে আটক করা হয়। পরে নারী পুলিশ সদস্যদের মাধ্যমে তাঁদের শরীর তল্লাশি করে বিশেষভাবে কালো পলিথিনে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট দুটি থেকে মোট ৩ হাজার ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়।
এর প্রায় এক ঘণ্টা পর ভোর সাড়ে ৫টার দিকে একই চেকপোস্টে টেকনাফ থেকে ঢাকাগামী আরেকটি বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় আয়াছ (২৫) নামে এক যাত্রীকে সন্দেহ হলে আটক করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি পেটের ভেতরে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে তাঁর শরীর থেকে ১০টি প্যাকেটে থাকা এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দুই অভিযানে উদ্ধার করা ইয়াবার মোট পরিমাণ ৪ হাজার ৫০০ পিস। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

