জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী ১ জুলাই থেকে কার্যকর নতুন নির্দেশনা, সংশোধিত চুক্তির মাধ্যমে বেতন পুনর্নির্ধারণের বিধান
চুক্তিভিত্তিক নিয়োজিত সরকারি কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে নতুন নীতিমালা জারি করেছে সরকার। জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ প্রজাতন্ত্রের বিভিন্ন অসামরিক পদে চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণ করা হবে। নতুন নীতিমালা গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-৬ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন অর্থ বিভাগের যুগ্মসচিব শরীফ নজরুল ইসলাম।
আগের চুক্তিতে বেতন পুনর্নির্ধারণ
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১ জুলাই ২০২৬-এর আগে জাতীয় বেতন স্কেল-২০১৫-এর আওতায় বিভিন্ন গ্রেডে চুক্তিভিত্তিক নিয়োজিত যেসব কর্মচারীর চুক্তির মেয়াদ ওই তারিখের পরও বহাল রয়েছে, তাঁদের ক্ষেত্রে চুক্তি সংশোধন করে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণ করতে হবে।
এ ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রেড ও ধাপ অনুসারে ১ জুলাই থেকে বেতন পুনর্নির্ধারণ করা হবে। পাশাপাশি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর বিধান অনুযায়ী বর্ধিত হারে বেতন এবং চুক্তিতে নির্ধারিত প্রযোজ্য ভাতা দেওয়া হবে।
নতুন নিয়োগপ্রাপ্তদের বেতন যেভাবে নির্ধারিত হবে
নতুন নীতিমালা অনুযায়ী, ১ জুলাই ২০২৬-এর পর যাঁরা চুক্তিভিত্তিক পদে নিয়োগ পেয়েছেন বা পাবেন, তাঁদের অবসরে যাওয়ার অব্যবহিত আগে প্রাপ্ত মূল বেতনের গ্রেড ও ধাপ বিবেচনায় নিয়ে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী চুক্তিভিত্তিক পদের বেতন নির্ধারণ করা হবে।
এ ক্ষেত্রে বিদ্যমান চুক্তি সংশোধন করতে হবে। চুক্তিতে যোগদানের তারিখ থেকে প্রযোজ্য বিধান অনুসারে বর্ধিত হারে বেতন এবং চুক্তিতে নির্ধারিত ভাতা পাবেন সংশ্লিষ্ট কর্মচারীরা।
তবে বিশেষ ক্ষেত্রে সরকার নির্ধারিত বেতন অথবা উভয় পক্ষের সম্মতিতে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তিতে নির্ধারিত বেতনই চুক্তিভিত্তিক পদের বেতন হিসেবে গণ্য হবে।
পেনশন কর্তন হবে না, ইনক্রিমেন্ট ও আনুতোষিকও নয়
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চুক্তিভিত্তিক নির্ধারিত বেতন থেকে সংশ্লিষ্ট ব্যক্তির নির্ধারিত গ্রস পেনশন-কম্যুটেশন বা সমর্পণের আগের অঙ্ক এবং বিশেষ অতিরিক্ত পেনশন থাকলে তা বাদ দেওয়া হবে না। অর্থাৎ, চুক্তিভিত্তিক বেতন নির্ধারণের ক্ষেত্রে এসব পেনশনের অর্থ কর্তনের বিধান রাখা হয়নি।
অন্যদিকে, চুক্তিভিত্তিক নিয়োগকালে চাকরির জন্য কোনো ইনক্রিমেন্ট, আনুতোষিক বা বর্ধিত পেনশন দেওয়া হবে না বলে প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে।
অবসরপ্রাপ্ত নন, এমন ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ বিধান
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছাড়া অন্য ব্যক্তিদের চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে বেতন-ভাতা ও অন্যান্য শর্ত সংশ্লিষ্ট ব্যক্তির যোগ্যতা ও গুণাগুণ বিবেচনা করে নির্ধারণ করা হবে। এ জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং সে অনুযায়ী চুক্তিপত্র সম্পাদন করতে হবে।
আগের নির্দেশনা বাতিল, নতুন নীতিমালা কার্যকর ১ জুলাই থেকে
নতুন প্রজ্ঞাপনে এর সঙ্গে সাংঘর্ষিক আগের সব আদেশ, স্মারক ও নির্দেশনার সংশ্লিষ্ট অংশ বাতিল করা হয়েছে। তবে নতুন নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আগের নির্দেশনাগুলো বহাল থাকবে।
এ ছাড়া বেতন-ভাতা-সংক্রান্ত বিষয়ে পরবর্তী সময়ে সরকার যেসব আদেশ জারি করবে, চুক্তি অনুযায়ী প্রদেয় বেতন ও ভাতার ক্ষেত্রে সেগুলোও প্রযোজ্য হবে।
এর আগে অর্থ বিভাগের ২০১৬ সালের ২৬ জানুয়ারি জারি করা এ-সংক্রান্ত প্রজ্ঞাপনটি বাতিল করে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। নতুন নীতিমালা ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

