বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

যান্ত্রিক ত্রুটিতে নারিতায় আটকে প্রধানমন্ত্রীর ফ্লাইট

জাপান থেকে ঢাকায় ফেরার পথে বিলম্ব; প্রধানমন্ত্রী তারেক রহমান ও সফরসঙ্গীদের বিমান থেকে নামিয়ে নেওয়া হয়েছে লবিতে

জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রার আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের দেশে ফেরার যাত্রা বিলম্বিত হচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট বিজি ৩৭৭ যান্ত্রিক ত্রুটির কারণে নারিতা থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নে বিলম্ব হচ্ছে। বিমানের উড়োজাহাজের ক্রু ও প্রকৌশল দল ত্রুটি নিরসনে কাজ করছে। এ বিষয়ে পরবর্তী তথ্য যথাসময়ে জানানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ত্রুটি নিরসনে কাজ করছেন প্রকৌশলীরা

বিমানের ফ্লাইট অপারেশন বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি ইস্যু আছে, আশা করি সমাধান হয়ে যাবে।”

পরে বিকেল সোয়া ৫টায় বিমানের জনসংযোগ বিভাগ আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে যান্ত্রিক ত্রুটির বিষয়টি নিশ্চিত করে।

উড্ডয়নের প্রস্তুতির পর আবার আগের স্থানে ফেরে বিমান

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়, বাংলাদেশ সময় বিকেল ৩টায়, ফ্লাইটটির ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা ছিল। তবে নির্ধারিত সময়েও বিমানটি নারিতা বিমানবন্দরে অবস্থান করছিল বলে জানান এক যাত্রী।

ওই যাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে বিমানটি চলতে শুরু করে। তবে পাঁচ মিনিট পর ক্যাপ্টেন ইমামুল ঘোষণা দেন, উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে এবং প্রকৌশলীরা তা সমাধানে কাজ করছেন। এ সময় যাত্রীদের ধৈর্য ধরতে অনুরোধ করা হয়।

এর প্রায় ৪০ মিনিট পর ক্যাপ্টেন আবার ঘোষণা দিয়ে জানান, বিমানটি আগের অবস্থানে ফিরে যাচ্ছে এবং প্রকৌশলীরা ত্রুটি সারানোর কাজ করছেন।

প্রধানমন্ত্রী ও যাত্রীদের নেওয়া হয় লবিতে

ওই যাত্রী জানান, স্থানীয় সময় রাত ৮টায়, বাংলাদেশ সময় বিকেল ৫টায়, ক্যাপ্টেন ঘোষণা দেন যে ত্রুটি নিরসনের কাজ চললেও আরও সময় লাগবে। যাত্রীদের কিছুক্ষণের জন্য বিমানবন্দরের লবিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানানো হয়।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের একজন জানান, প্রথমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমান থেকে নামিয়ে বিমানবন্দরের লবিতে নেওয়া হয়। পরে অন্য যাত্রীদেরও সেখানে নিয়ে যাওয়া হয়।

বিমানের যান্ত্রিক ত্রুটি নিরসনের কাজ চলছিল এবং ফ্লাইটটির পরবর্তী যাত্রার সময় সম্পর্কে তখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন