লন্ডনে আয়োজিত উদ্যোগে উঠেছে ১ লাখ পাউন্ডের বেশি; জরুরি চিকিৎসার জন্য গাজার শিশুদের অন্যত্র সরিয়ে নিতে ব্যয় হবে পুরো অর্থ
যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের সহায়তায় ১ লাখ পাউন্ডের বেশি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা তহবিল সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হামজা চৌধুরী। ব্যাপক বাস্তুচ্যুতি, অপুষ্টি, মানসিক ট্রমা ও অব্যাহত সহিংসতার মধ্যে থাকা শিশুদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে এ অর্থ ব্যয় করা হবে।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে হামজা বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা গাজার শিশুদের জন্য ১ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করতে পেরেছি।’ লন্ডনে আয়োজিত এই উদ্যোগে সহযোগিতার জন্য নুজুম স্পোর্টসকেও ধন্যবাদ জানান তিনি।
জরুরি চিকিৎসার জন্য স্থানান্তরে ব্যয় হবে অর্থ
হামজা জানান, সংগৃহীত অর্থ গাজার শিশুদের জরুরি সহায়তায় মাঠপর্যায়ে কাজ করা ‘চিলড্রেন নট নাম্বার্স’ সংগঠনের কার্যক্রমে ব্যয় করা হবে। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার শিশুদের সহায়তায় কাজ করছে সংগঠনটি।
হামজা বলেন, ‘এই শিশুদের অনেকেরই বেঁচে থাকার একমাত্র আশা হলো চিকিৎসার জন্য অন্যত্র সরিয়ে নেওয়া। যেসব শিশুর জরুরিভিত্তিতে চিকিৎসার জন্য স্থানান্তর প্রয়োজন, তাদের সেই ব্যবস্থা করতেই সংগৃহীত অর্থের পুরোটা ব্যয় করা হবে।’
সহযোগিতার জন্য কৃতজ্ঞতা হামজার
লন্ডনের ওই অনুষ্ঠানের মাধ্যমে তহবিল সংগ্রহের উদ্যোগ সফল করতে উপস্থিত হওয়া, অনুদান দেওয়া এবং বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান হামজা।
তিনি বলেন, ‘বিশেষ ধন্যবাদ নুজুম স্পোর্টসকে। এই আয়োজনের মাধ্যমে আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তারা যে অসংখ্য ঘণ্টা সময় দিয়েছে এবং নিরলস পরিশ্রম করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ।’
যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক নুজুম স্পোর্টস একটি কমিউনিটিভিত্তিক ক্রীড়া সংগঠন ও কমিউনিটি ইন্টারেস্ট কোম্পানি। বিশ্বজুড়ে মুসলিম ক্রীড়াবিদদের সহায়তা ও ক্ষমতায়নে কাজ করে প্রতিষ্ঠানটি।
তহবিল সংগ্রহের সাফল্যে কৃতজ্ঞতা প্রকাশ করে হামজা বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে এই আয়োজনের মাধ্যমে আমরা যা অর্জন করতে পেরেছি, তাতে আমি বিনীত ও কৃতজ্ঞ। তবে এত মানুষের অসীম দুর্ভোগের তুলনায় আমাদের এই অবদান খুবই সামান্য।’
তিনি আরও বলেন, ‘এখনো অনেক কিছু করার বাকি। তবে প্রতিটি প্রচেষ্টা, তা যত ছোটই হোক না কেন, পরিবর্তন আনতে পারে।’
বাংলাদেশের হয়ে খেলছেন ইংল্যান্ডে জন্ম নেওয়া হামজা
ইংল্যান্ডে জন্ম নেওয়া পেশাদার ফুটবলার হামজা চৌধুরী ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলেন। তিনি মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার কিংবা রাইট-ব্যাক হিসেবে দায়িত্ব পালন করেন।
ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা এই ফুটবলার ২০২৪ সালের শেষ দিকে বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার পর বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। ফুটবলের পাশাপাশি বিভিন্ন দাতব্য কর্মকাণ্ডেও অংশ নেন তিনি।
গাজার মানুষের জন্য প্রার্থনা
পোস্টের শেষে হামজা প্রার্থনা করেন, আল্লাহ যেন তাঁদের প্রচেষ্টা কবুল করেন, ফিলিস্তিনে তাঁদের ভাই-বোনদের কষ্ট লাঘব করেন এবং তাঁদের শক্তি ও ধৈর্য দান করেন। একই সঙ্গে ফিলিস্তিনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রার্থনাও জানান তিনি।

