রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সংগীতশিল্পী আসিফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় জামায়াতের নিন্দা

সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ২৪ অক্টোবর শনিবার ভোরে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে রাজধানীর মগবাজারে গুলিবর্ষণের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, এ ধরনের গুলিবর্ষণের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। দেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পীর গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড জননিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রার জন্য হুমকিস্বরূপ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ধরনের অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। দেশের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে সুষ্ঠু তদন্তের মাধ্যমে উক্ত ঘটনার পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টার শপিং মলের সামনে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না।

আসিফ আকবর গুলির ঘটনার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে মগবাজারের বিশাল সেন্টার শপিংমলের সামনে পার্ক করা তার ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনার সময় তিনি শপিংমলটির ওপরের তলায় নিজের অফিসে ছিলেন। গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন বলেও জানান এই সংগীতশিল্পী।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন