রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সৌদির সাত স্থানে হামলার দাবি হুথিদের, দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহতের কথা জানাল রিয়াদ

বিমানবন্দর, তেল স্থাপনা ও পাইপলাইন লক্ষ্যবস্তু করার দাবি; মক্কা-মদিনামুখী ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ কয়েকটি এলাকায় পড়েছে

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের সাতটি স্থানে হামলা চালানোর দাবি করেছে। অন্যদিকে, মক্কা ও মদিনা অঞ্চলের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

শনিবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে হুথিরা জানায়, সৌদি আরবের রিয়াদের কিং খালিদ বিমানবন্দর, ইয়ানবুতে আরামকো কোম্পানি, রাবিগ তেল শোধনাগার, দাম্মামের ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর, নাজরান বিমানবন্দর এবং খামিস মুশাইত বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

এ ছাড়া, সৌদি আরবের পূর্ব থেকে পশ্চিমাঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাইপলাইন ও তেল পাম্পিং স্টেশনগুলোও লক্ষ্যবস্তু করার দাবি করেছে গোষ্ঠীটি।

হুথিদের দাবি, পাইপলাইন ও পাম্পিং স্টেশন লক্ষ্য করে চালানো অভিযান সফলভাবে নির্ধারিত লক্ষ্য অর্জন করেছে।

মক্কা-মদিনামুখী ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, মক্কা ও মদিনা অঞ্চলের দিকে হুথিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ মক্কার ওয়াদি আল মুগাম্মাস এলাকায় পড়েছে। এ ছাড়া, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সৃষ্ট ধ্বংসাবশেষের টুকরা জেদ্দার আল নুজহা এলাকা, তাইফের ওয়াদি জলিল এবং রাবিগের মাসতুরা এলাকায় পড়েছে।

সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

তবে সৌদি আরবের বিমানবন্দর, তেল স্থাপনা ও পাইপলাইন লক্ষ্য করে হামলার বিষয়ে দেশটির কর্তৃপক্ষের বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এসব হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে সম্পর্কেও তথ্য জানানো হয়নি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন