বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

বার্সেলোনার বিপক্ষে জয়ের ম্যাচেই চোট, অস্ত্রোপচার লাগবে কাভারাকে

বার্সেলোনাকে হারানোর আনন্দের পর পিএসজিতে দুঃসংবাদ, অস্ত্রোপচার করাতে হবে জর্জিয়ান উইঙ্গারকে

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে হারানোর আনন্দের রেশ কাটতে না কাটতেই বড় ধাক্কা খেল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। গুরুতর চোটে পড়ে মৌসুমের বাকি সময় আর খেলতে পারবেন না খাভিচা কাভারাৎস্খেলিয়া। ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করাতে হবে জর্জিয়ার এই তারকা উইঙ্গারকে।

দলের জন্য বড় ধাক্কার পাশাপাশি এই চোট ব্যক্তিগতভাবেও ভেঙে দিয়েছে কাভারাৎস্খেলিয়াকে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের হতাশা প্রকাশ করে তিনি প্রশ্ন তুলেছেন, তাঁর সঙ্গেই কেন এমন হলো।

বার্সেলোনার বিপক্ষে ম্যাচেই চোট

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে ৪-২ গোলে হারায় পিএসজি। সেই ম্যাচের ৫৯তম মিনিটে শাভি এস্পার্তের সঙ্গে সংঘর্ষে ডান হাঁটুতে মোচড় খান কাভারাৎস্খেলিয়া। এরপর নিজের পায়ে দাঁড়াতে পারছিলেন না তিনি। পিএসজির মেডিকেল স্টাফরা তাঁকে মাঠ থেকে কাঁধে করে নিয়ে যান।

পরে এক বিবৃতিতে পিএসজি জানায়, বার্সেলোনার বিপক্ষে ম্যাচে ডান হাঁটুর এসিএল ছিঁড়ে গেছে কাভারাৎস্খেলিয়ার। আগামী কয়েক দিনের মধ্যে তাঁর অস্ত্রোপচার করা হবে।

এসিএলের চোট থেকে সেরে উঠতে সাধারণত ছয় মাস বা তারও বেশি সময় লাগতে পারে। ফলে চলতি মৌসুমে এই উইঙ্গারের আর মাঠে ফেরার সম্ভাবনা খুবই কম।

‘আমিই কেন?’

চোটের ধাক্কা কতটা গভীর, তা বোঝা গেছে কাভারাৎস্খেলিয়ার নিজের কথাতেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘প্রতিটি ম্যাচের আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম, যেন সুস্থভাবে মাঠ ছাড়তে পারি। কিন্তু তা বৃথা গেল।’

নিজের হতাশা প্রকাশ করে ২৫ বছর বয়সী এই ফুটবলার আরও বলেন, ‘আঘাত পাওয়ার পর বেশি সময় কাটেনি, তবুও একটা চিন্তা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে—আমিই কেন? আমি তো কখনও কিছু চেপে রাখিনি। আমার মনে হয়, এই খেলার জন্য আগের যেকোনো সময়ের চেয়ে ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম। ভেবেছিলাম, আমি সবকিছুর জন্য প্রস্তুত—কিন্তু এটির জন্য নয়!’

তবে হতাশায় ভেঙে পড়লেও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়েছেন তিনি। প্রিয়জনদের কথা উল্লেখ করে কাভারাৎস্খেলিয়া বলেন, ‘আমি জানি, আমার আপনজনদের জন্য আমাকে আরও শক্তিশালী হয়ে ফিরতে হবে, যারা সবসময় আমার পাশে থাকে। আমি তোমাদের হতাশ করব না—আমি কথা দিচ্ছি, একটি মুহূর্তও নষ্ট করব না।’

পিএসজির আরও দুই তারকা চোটে

বার্সেলোনার বিপক্ষে জয়ের ম্যাচে শুধু কাভারাৎস্খেলিয়াই নন, চোট পেয়েছেন পিএসজির আরও দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় উসমান দেম্বেলে ও মার্কিনিয়োস।

ম্যাচের ১৯তম মিনিটে উরুর চোটে খুঁড়িয়ে মাঠ ছাড়েন দেম্বেলে। পরে একই ধরনের সমস্যায় মাঠ ছাড়তে হয় ডিফেন্ডার মার্কিনিয়োসকেও। তাঁদের চোট কাভারাৎস্খেলিয়ার মতো গুরুতর নয় বলে জানা গেছে। তবে দুজনকেই কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।

শিরোপাজয়ে বড় অবদান ছিল কাভারার

গত মৌসুমে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কাভারাৎস্খেলিয়ার। সে আসরে ১০টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ছয়টি গোল করিয়েছিলেন তিনি। এবারও নিজের পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জায়গা করে নিয়েছেন ব্যালন দ’র পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায়।

এমন সময়ে তাঁর ছিটকে যাওয়া পিএসজির জন্য বড় ক্ষতি। বার্সেলোনার বিপক্ষে দুর্দান্ত জয়ের পরও তাই দলের শিবিরে এখন চোটের দুশ্চিন্তা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন