বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সাইবার হামলার পর গ্রাহক তথ্য ফাঁস, চাপে ভারতের বৃহত্তম ব্যাংক

প্রাথমিক বিশ্লেষণে প্রায় ৪ হাজার গ্রাহকের ব্যক্তিগত তথ্য শনাক্ত, ৩ লাখ ৭৫ হাজার রেকর্ড যাচাই করছে ভারতের বৃহত্তম ঋণদাতা ব্যাংক

সন্দেহভাজন সাইবার হামলার পর গ্রাহকদের তথ্য ফাঁসের ঘটনা তদন্ত শুরু করেছে ভারতের সম্পদের হিসাবে বৃহত্তম ঋণদাতা প্রতিষ্ঠান স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই)। এ ঘটনায় ডার্ক ওয়েবে হাজারো গ্রাহকের ব্যক্তিগত ও আর্থিক তথ্য ফাঁস হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২১ অক্টোবর) স্টক এক্সচেঞ্জে দেওয়া এক নথিতে এসবিআই জানায়, প্রাথমিক বিশ্লেষণে গ্রাহকদের ব্যক্তিগত তথ্যসংবলিত প্রায় ৪ হাজার রেকর্ড শনাক্ত করা হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর পরিধি কতটা, তা নির্ধারণে তদন্ত চলছে।

ব্যাংকটি আরও জানায়, প্রাথমিক মূল্যায়নের অংশ হিসেবে ডার্ক ওয়েবে পাওয়া প্রায় ৩ লাখ ৭৫ হাজার রেকর্ড বিশ্লেষণ করা হয়েছে।

যেসব তথ্য ফাঁস হয়েছে

এসবিআইয়ের তথ্য অনুযায়ী, ফাঁস হওয়া রেকর্ডে গ্রাহকদের নাম, নিবন্ধিত মোবাইল নম্বর, জন্মতারিখ, ইমেইল ঠিকানা ও বাসার ঠিকানা রয়েছে। এ ছাড়া শাখার তথ্য, গ্রাহক শনাক্তকরণ নম্বর, ঋণসংক্রান্ত রেকর্ড এবং সম্ভাব্য গ্রাহকদের তথ্যও ফাঁস হওয়া উপাত্তের মধ্যে রয়েছে।

ব্যাংকটি জানিয়েছে, তথ্য ফাঁসের সম্ভাব্য উৎস ও ব্যাপ্তি শনাক্ত করার পাশাপাশি এ ঘটনায় গ্রাহক ও ব্যাংকের জন্য কী ধরনের ঝুঁকি তৈরি হয়েছে, তা মূল্যায়নে বিস্তারিত তদন্ত চলছে।

তবে এ ঘটনায় ব্যাংকটির মূল ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক ফলাফল কিংবা ব্যবসা পরিচালনার ধারাবাহিকতার ওপর উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে এসবিআই।

ভারতের ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ

এসবিআইয়ের তথ্য ফাঁসের ঘটনা ভারতের ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার ঝুঁকিকে নতুন করে সামনে এনেছে। দেশটির ব্যাংকগুলো ডিজিটাল সেবা সম্প্রসারণের পাশাপাশি বিপুল পরিমাণ গ্রাহকের সংবেদনশীল তথ্য সংরক্ষণ করছে। ফলে এসব তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

এর আগে গত জুলাইয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংক অব বারোদাও একই ধরনের ঘটনার তথ্য জানিয়েছিল।

গ্রান্ট থর্নটন ভারতের অংশীদার বিবেক আইয়ার বলেন, “আর্থিক পরিষেবা খাতে প্রযুক্তির ব্যাপক পরিবর্তন, বিশেষ করে ডিজিটালাইজেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের কারণে সাইবার নিরাপত্তার ঝুঁকির ক্ষেত্র ক্রমাগত পরিবর্তিত হচ্ছে।”

তিনি বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলোর শুধু সাইবার নিরাপত্তাব্যবস্থা শক্তিশালী করলেই চলবে না; নিরাপত্তা কার্যক্রম পরিচালনাকেন্দ্রগুলোকেও আরও শক্তিশালী করতে হবে।

সাইবার ঝুঁকি নিয়ে সতর্ক রিজার্ভ ব্যাংক

ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) বিভিন্ন সময়ে ঋণদাতা প্রতিষ্ঠানগুলোকে সাইবার ঝুঁকি সম্পর্কে সতর্ক করে আসছে। এসব ঝুঁকি দেশের আর্থিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।

ভারতের আর্থিক ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ ব্যাংক হিসেবে বিবেচিত এসবিআই জানিয়েছে, গ্রাহকদের তথ্য ফাঁসের ঘটনার পূর্ণাঙ্গ চিত্র জানতে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের মাধ্যমে তথ্য ফাঁসের উৎস, ব্যাপ্তি ও সম্ভাব্য প্রভাব নির্ধারণের চেষ্টা চলছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন