চলতি মাস থেকেই বাড়তি মূল বেতন পাওয়ার কথা, তবে বাড়িভাড়া ও চিকিৎসাসহ অন্যান্য ভাতা মিলবে আগের হারেই; নতুন কাঠামোয় ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে
নতুন জাতীয় বেতনকাঠামো কার্যকর হলেও আপাতত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভাতা বাড়ছে না। পরবর্তী আদেশ জারি না হওয়া পর্যন্ত চলতি বছরের ৩০ জুনে কার্যকর থাকা হারেই বাড়িভাড়া, চিকিৎসাসহ অন্যান্য ভাতা পাবেন তাঁরা।
সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে।
তবে চলতি মাসের বেতন থেকেই নতুন বেতনকাঠামোর আওতায় বর্ধিত মূল বেতন পেতে শুরু করবেন সরকারি চাকরিজীবীরা। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, বর্ধিত বেতন পরিশোধের জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।
আগের হারেই মিলবে ভাতা
সরকারি চাকরিজীবীদের ২০২৬ সালের বেতন ও ভাতাদি আদেশে নির্ধারিত মূল বেতন কার্যকর না হওয়া পর্যন্ত প্রচলিত মূল বেতনের শতকরা হারে ভাতা দেওয়ার বিধান রাখা হয়েছে। ফলে নতুন বেতনকাঠামো অনুযায়ী মূল বেতন বাড়লেও আপাতত ভাতার ক্ষেত্রে পরিবর্তন আসছে না।
গত ১৭ সেপ্টেম্বর নতুন বেতন ও ভাতাদি আদেশের প্রজ্ঞাপন জারি করা হয়। তখনই জানানো হয়েছিল, নতুন কাঠামো অনুযায়ী ভাতা কার্যকরের বিষয়টি পরবর্তী সময়ে বাস্তবায়ন করা হবে।
সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা
নতুন বেতনকাঠামোয় সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। গত ১ জুলাই থেকে এ কাঠামো কার্যকর ধরা হলেও বর্ধিত বেতন একসঙ্গে বাস্তবায়ন না করে ধাপে ধাপে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে নতুন বেতনকাঠামো বাস্তবায়ন করা হবে। এর আওতায় গত ১ জুলাই থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রথম ধাপ, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দ্বিতীয় ধাপ এবং একই বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তৃতীয় ধাপে মূল বেতন কার্যকর হবে।
নতুন কাঠামো অনুযায়ী ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
চলছে মূল বেতন নির্ধারণের কাজ
নতুন বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীদের মূল বেতন নির্ধারণের কাজও চলছে। এ জন্য গত ৫ অক্টোবর থেকে সরকারি কর্মচারীরা সরকারের আইবাস++ ব্যবস্থার ‘পে ফিক্সেশন’ অপশনে প্রয়োজনীয় তথ্য দিচ্ছেন। মঙ্গলবারের মধ্যে এ প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে।
অর্থ বিভাগ সূত্র জানায়, বেতন নির্ধারণের কাজ শেষ হলে চলতি মাসের বেতন পরিশোধের ক্ষেত্রে নতুন কাঠামো অনুযায়ী বর্ধিত মূল বেতন কার্যকর করা হবে।
তবে নতুন বেতনকাঠামোর পূর্ণাঙ্গ সুবিধা পেতে সরকারি কর্মচারীদের অপেক্ষা করতে হবে নির্ধারিত ধাপে বেতন বাস্তবায়ন এবং ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে নতুন হারে ভাতা কার্যকর হওয়া পর্যন্ত।

